জামায়াতের ইফতারে ড্যান মজীনা
কূটনীতিকদের সন্মানে ইফতার অনুষ্ঠান করেছে জামায়াতে ইসলামী, যাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনাও ছিলেন।
রাজধানীর গুলশানে ওয়েস্টিনে বুধবার এই ইফতার অনুষ্ঠানে ঢাকায় কূটনীতিক কোরের ডিন শাহের মুহাম্মদ, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি, তুরস্কের রাষ্ট্রদূত হোসাইন মুফতুগ্লু, মিশরের রাষ্ট্রদূত মুহাম্মদ ইজ্জত, নরওয়ের রাষ্ট্রদূত মেরিডি ল্যানডিমো অংশ নেন।
ইফতারের আগে জামায়াতের নায়েবে আমির সংক্ষিপ্ত বক্তব্যে কূটনীতিকদের বলেন, মতিউর রহমান নিজামীসহ তাদের শীর্ষনেতাদের ‘অবৈধভাবে’ আটকে রেখেছে সরকার।
“তারা (জামায়াত নেতা) নোংরা রাজনীতির শিকার। এ জন্য আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। এ সন্ধ্যায় আমরা তাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছি।”
জামায়াত আামির নিজামী একাত্তরের যুদ্ধাপরাধে অভিযুক্ত, তার বিরুদ্ধে মামলার রায় অপেক্ষমান। এছাড়া সাবেক আমির গোলাম আযমসহ দলটির শীর্ষ নেতাদের বেশ কয়েকজন যুদ্ধাপরাধে দণ্ডিত।
জামায়াতের নায়েবে আমির যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে তাদের অভিযোগও কূটনীতিকদের জানান।
“আন্তর্জাতিক নিয়মনীতি ও মানবাধিকার লংঘন করে তথাকথিত যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে আমাদের সম্মানিত নিরপরাধ নেতৃবৃন্দের বিচার করা হচ্ছে।”
ইফতার অনুষ্ঠানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কাতার, কানাডা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, রাশিয়া, জাপান, ইরান, ওমান, লিবিয়া, জাপান, ভিয়েতনাম, ব্রুনাই, দক্ষিণ কোরিয়ার কূটনীতিকরা ছিলেন।
জামায়াত নেতাদের মধ্যে ছিলেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন প্রমুখ।
