২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 03:11 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

স্বজনদের অভিযোগ, শ্বাসরোধে হত্যার পর শ্বশুর বাড়ির লোকজন তার লাশ ঝুলিয়ে ঘটনাকে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, বুধবার সকাল ১১টার দিকে কানসাট ইউনিয়নের ঝাউবোনা গোবীনপুর গ্রাম থেকে ববিতা খাতুনের (২০) লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ববিতার শাশুড়ি নাজিরা বেগম ও ননদ নাসরিনকে আটক করা হয়েছে।

ববিতা শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা মহল্লার শরিফ উদ্দিনের মেয়ে এবং গোবীনপুর গ্রামের রুবেলের স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের চাচা মো. জরিফ অভিযোগ করেন, ববিতাকে যৌতুকের জন্য তার স্বামী প্রায়শই নির্যাতন করত। রুবেল, তার মা ও বোন ববিতাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে।

নিহতের আত্মীয়দের উদ্ধৃত করে ওসি আশিকুর জানান, প্রায় আড়াই বছর আগে ববিতার সঙ্গে রুবেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুবেল কয়েক দফা যৌতুক আদায় করে।

সম্প্রতি রুবেল একটি বাই সাইকেলের জন্য টাকা দাবি করে। ববিতা টাকা আনতে অস্বীকার করায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ববিতাকে মারধর করা হয়।

বুধবার সকালে ববিতা আত্মহত্যা করেছে বলে তার শাশুড়ি ও ননদ প্রতিবেশীদের জানালে তাদের সন্দেহ হয়। প্রতিবেশীরা খবর দিলে ওই বাড়ি থেকে ববিতার দুই হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ববিতার মুখে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।