ঢাকায় দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর খিলগাঁও ও কুড়িল এলাকায় পৃথক দুর্ঘটনায় দুজন মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আবদুস সামাদ (৫০) নামে ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) এক পরিচ্ছন্নকর্মী ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মারা যান।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় মোটর সাইকেল চালিয়ে পল্লীমা সংসদের দিকে যাচ্ছিলেন সামাদ। পল্লীমা সংসাদের কাছেই বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।”
স্থানীয় খিদমাহ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন।
সাব্বির আলম জানান, পুলিশ ইজিবাইক চালক কাজী শাহ আলমকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সামাদের স্ত্রী জরিনা বেগম বাদি হয়ে থানায় মামলা করেছেন।
নিহত সামাদ সিটি করপোরেশন গুলশান অঞ্চল-৩ এর একজন পরিচ্ছন্নকর্মী ছিলেন। তার বাসা খিলগাঁও ত্রিমোহনী।
এদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে কুড়িল রেল লাইনের ওপর ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কমলাপুরগামী এক ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা যান।
নিহতের পরিচয় জানা যায়নি। আব্দুল মজিদ জানান, তার বয়স আনুমানিক চল্লিশ বছর।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
