চাঁপাইনবাবগঞ্জে ট্রায়াল ট্রেনের ধাক্কায় ২ শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রেল লাইন মেরামতের সময় পরীক্ষামূলকভাবে চালানো ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো পাঁচজন।
মঙ্গলবার দুপুরে ঘোষের বাথান এলাকায় রেল লাইন মেরামতের একটি ট্রলিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন ভুটু (৩৫), রাসেল (২৫), শিমুল (২০), তৌফিক (২০) ও জিল্লুর (২৫)। এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা জেলার বিভিন্ন গ্রামে। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, বেলা সোয়া ১টার দিকে আমনুরা জংশন থেকে চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালানো হয়। এ সময় ঘোষের বাথান এলাকায় রেল লাইন মেরামতের একটি ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলিতে থাকা মসিউর ও ইনসাদ মারা যান।
রেলওয়ে নিরাপত্তা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
