বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রকে বহিষ্কার
রেজিস্ট্রার শাখায় হামলা-ভাংচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
সোমবার ঢাকার কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কৃতরা হলেন মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের আকিব জাবেদ খান, আল মামুন, ব্যবস্থাপনা ৩য় বর্ষের রেজা শরীফ, এনামুল হক মনি, অর্থনীতি ৩য় বর্ষের সাইদুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান ১ম বর্ষের মিঠুন দে।
উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান জানান, রেজিস্ট্রার শাখায় হামলা-ভাংচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
ওই কমিটির প্রতিবেদনে ওই হামলা-ভাংচুরের ঘটনায় ৬ শিক্ষার্থীর ছড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।
এর প্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
উপাচার্য আরো বলেন, তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
তিনি আরো জানান, একই সঙ্গে ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. হানিফকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৪ সপ্তাহের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান উপাচার্য।
গত ৫ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখায় হামলা-ভাংচুর ও সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে মারধর করে একদল ছাত্র।
এ ঘটনায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০/৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন সহকারী এস্টেট অফিসার মো. সাইদুজ্জামান।
