চাষাঢ়া আ. লীগ অফিসে বোমা বিস্ফোরণ মামলায় সাক্ষ্য হয়নি
সাক্ষী হাজির না থাকায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলার দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
সোমবার জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ আল-আমিনের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল।
সাক্ষ্য গ্রহণ উপলক্ষে অভিযুক্ত তিন আসামি হুজি নেতা মুফতি আবদুল হান্নান, নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত উল্লাহ জুয়েল ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুকে আদালতে হাজির করা হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আসাদুজ্জামান জানান, মামলার সাক্ষী ও বাদী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, শহরের ৯৬ নং উত্তর চাষাঢ়া এলাকার গিয়াসউদ্দিনের ছেলে সুমন ও উত্তর চাষাড়ার প্রয়াত আউয়ালের ছেলে তারিক আউয়াল সাক্ষ্য দিতে আসেননি।
সমন দিয়েও মামলার তিন সাক্ষীকে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে হাজির হতে বললেও তারা আসেননি, তাই সাক্ষ্য গ্রহণ হয়নি।
আগামী ১২ অগাস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয় বলেও তিনি জানান।
পিপি আসাদুজ্জামান আরো জানান, ২০১৩ সালের ২ মে চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।
অভিযুক্তরা হলেন মুফতি আবদুল হান্নান, নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত উল্লাহ জুয়েল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, চাষাঢ়ার ওবায়দুল হক এবং ভারতে পুলিশের হাতে আটক হুজি নেতা দুই সহোদর আনিসুল মোরছালীন ও মাহবুব মুত্তাকিন।
২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হন। আহত হন আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ শতাধিক নেতাকর্মী। এই ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
