চট্টগ্রামে যুবক খুন
চট্টগ্রাম নগরীতে হাত বিচ্ছিন্ন অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সদরঘাট থানার মোগলটুলী এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধারের পর তার পরিচয় জানা যায়নি।
পরে সনাক্ত হয়েছে যে নিহত ব্যক্তি মোগলটুলি মগ পুকুর পাড় এলাকার আবুল হোসেনের ছেলে মনির হোসেন মান্নান।
সদরঘাট থানার এসআই তালাত মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মান্নানের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ উদ্ধারের স্থান থেকে কয়েক গজ দূরে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, ভোররাতে এই হত্যাকাণ্ড ঘটেছে।
মান্নান নিজের এলাকায় ‘কানা মান্নান’ নামে পরিচিত ছিল।
এলাকাবাসী জানিয়েছে, এক সময় মান্নান নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিত।
