২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিটি কলেজে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ

রাজশাহী সিটি কলেজে  ভর্তি কার্যক্রমে প্রভাব খাটানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে  এক পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 11:07 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

দুপুর আড়াইটার দিকে সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম ভর্তি কক্ষে প্রবেশ করতে চাইলে পুলিশ তাকে বাধা দিলে এ ঘটনা ঘটে।

বোয়ালিয়া মডেল থানার সহকারি কমিশনার সাইফুল ইসলাম বলেন, “দ্বিতীয় ওয়েটিং লিস্টের ভর্তি কার্যক্রম চলাকালে ছাত্রলীগের কর্মীরা সুবিধা আদায় করতে চাইলে পুলিশ বাধা দেওয়ায় দুইপক্ষ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

“এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ছাত্রলীগ কর্মীরা মিছিল বের করে ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর চালায়।”

সিটি কলেজের অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেন, “ আমরা ভর্তি কার্যক্রম চালানোর চেষ্টা করলে ছাত্রলীগ কর্মীরা ভর্তি কাযক্রম চালানোর কক্ষে ও ব্যাংকের কাউন্টারের সামনে তালা মেরে দেয়। ফলে আর ভর্তি কার্যক্রম চালানো যায়নি।”

অবশ্য অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা নাঈম বলেন, দুই দিন থেকেই তারা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতা করে আসছে। দুপুরে ভর্তি কক্ষে ঢুকতে গেলে পুলিশ কনস্টেবল আশরাফুল তাকে বাধা দিয়ে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে বের করে দেয়।