২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইউপি সচিবের ‘রহস্যজনক’ মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের সচিব বাসুদেব দাসের (৫০) ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 06:24 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

যদুনন্দী ইউপি পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেতর শুক্রবার রাতে তার লাশ পাওয়া যায়।

বাসুদেব মানিকগঞ্জ জেলার হরিরামপুরের প্রয়াত নিতাই দাসের ছেলে।

নিহতের স্ত্রী কাকলী রানী দাস জানান, প্রতিদিনের মতো স্বামীর জন্য শুক্রবার বিকাল ৪টার দিকে খাবার নিয়ে পরিষদে আসেন তিনি। এসে দেখেন বাসুদেবের লাশ ঘরের মধ্যে ঝুলে রয়েছে। তার দুই পা ভাঁজ করা অবস্থায় মেঝেতে লাগানো ছিল।

ওই সময় পরিষদের দরজা জানালা খোলা দেখতে পান তিনি।

তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন কাকলী।

যদুনন্দী ইউপি চেয়ারম্যান আব্দুর রব জানান, বাসুদেব দীর্ঘ ১৮ বছর ধরে এই পরিষদের সচিব পদে কর্মরত ছিলেন। পাশাপাশি পাটের ব্যবসা করতেন এবং স্ত্রী সন্তানদের নিয়ে এখানে ভাড়া বাসায় থাকতেন। অনেকের কাছে তিনি টাকা পয়সা পাবেন।

তবে, কী কারণে এমন ঘটনা ঘটল তা বলতে পারছেন না তিনি।

ছুটির দিনে পরিষদে আসার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে চেয়ারম্যান বলেন, মাঝে মাঝে শুক্রবারেও সচিব পরিষদে আসতেন।

সালথা থানার ওসি মো. তোতা মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসুদেব আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রির্পোট আসার পর বোঝা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।