নারায়ণগঞ্জে জাল ভোটের অভিযোগ পর্যবেক্ষকদের
সহিংসতা না হওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনকে শান্তিপূর্ণ বললেও জাল ভোট দেয়া হয়েছে বলে দাবি তুলেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।
ভোটের দুদিন পর শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই উপনির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে নির্বাচন পর্যবেক্ষকদের জোটটি।
ইডব্লিউজি’র পরিচালক মো. আব্দুল আলীম বলেন, “পর্যবেক্ষণকৃত ভোট কেন্দ্র সমূহের ভোট প্রদানের গড় হার ৪৩.৫ শতাংশ হলেও ইডব্লিউজি মনে করে, জাল ভোটের কারণে এই পরিসংখ্যানে ভোট প্রদানের প্রকৃত হারের প্রতিফলন ঘটেনি।”
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সন্তোষ জানায়। ভোট সুষ্ঠু হয়েছে বলে বিজয়ী জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান দাবি করলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের অভিযোগ, অধিকাংশ কেন্দ্র ‘দখল’ হয়েছিল।
ইডব্লিউজি’র পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা যায়, ৯২ শতাংশ ভোটকেন্দ্র সকাল ৮টা থেকে ভোট নেয়ার জন্য প্রস্তুত ছিল। শতভাগ কেন্দ্রেই সকাল থেকে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল। ভোট গ্রহণ শুরুর সময় ৫৩ শতাংশ কেন্দ্রে ১-২০ জন এবং ৩ শতাংশ কেন্দ্রে ৪০ জনের বেশি ভোটারের লাইন দেখা গেছে।
ভোটারের উপস্থিত কম থাকায় অনেক কেন্দ্রের দৃশ্য ছিল এ রকম
ইডব্লিউজি’র দাবি অনুযায়ী ৮১ শতাংশ কেন্দ্রে যথাযথ নিয়মে ভোট গ্রহণ বন্ধ ও গণনা কার্যক্রম সম্পন্ন করা হয়।
আলীম বলেন, “বেশিরভাগ কেন্দ্রে ভোট গণনার সময় শান্তিপূর্ণ পরিবেশ ছিল, যদিও ১৪ শতাংশ কেন্দ্রে প্রার্থীর এজেন্টরা গণনা প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ বা আপত্তি জানিয়েছেন।”
পর্যবেক্ষণের সময় ইডব্লিউজি’র কয়েকজন পর্যবেক্ষককে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
“৬০ জন পর্যবেক্ষককে পর্যবেক্ষণের সময় সহযোগিতা করা হলেও একটি কেন্দ্র থেকে ইডব্লিউজি’র পর্যবেক্ষককে বের করে দেয়া হয়। ভোট গণনার সময় আটজন পর্যবেক্ষককে গণনা কক্ষে ঢুকতে দেয়া হয়নি।”
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে ইডব্লিউজি পর্যবেক্ষণ করেছে ৬০টি কেন্দ্র।
