২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীন তথ্য কমিশনের জন্য দরকার সাংবিধানিক স্বীকৃতি’

সাংবিধানিক স্বীকৃতি না থাকায় তথ্য কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ রয়ে গেছে বলে মনে করেন এই প্রতিষ্ঠানের বিদায়ী কমিশনার অধ্যাপক সাদেকা হালিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 05:46 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

একইসঙ্গে কমিশনকে রাজনৈতিক প্রভাবের উর্ধ্বে রাখতে কমিশনারদের যথার্থ পদমর্যাদা নির্ধারণের ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি সেমিনারে সাদেকা হালিম বলেন, সাংবিধানিক স্বীকৃতি না পেলেও আধা বিচারিক কমিশন হিসেবে দুদকের মতোই বিচারিক ক্ষমতা রয়েছে তথ্য কমিশনের।

“নির্বাচন কমিশনের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। সাংবিধানিক স্বীকৃতি নিয়ে বিদায়ী কমিশনার হিসাবে আমি বলতে চাই, সেটা খুবই প্রয়োজন। ”

তথ্য কমিশনের যাত্রা শুরুর পর ২০০৯ সালের ১ জুলাই কমিশনার হিসাবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষক। আগামী মাসে তার আগের কর্মস্থলে যোগ দেয়ার কথা রয়েছে।

সাদেকা হালিম বলেন, “এখন আমাদের যে প্রধান তথ্য কমিশনার, তার স্ট্যাটাস হচ্ছে মন্ত্রিপরিষদ সচিবের স্ট্যাটাস। আপনারা এখন বুঝতে পারছেন, আসলে কি আমরা রাজনৈতিক প্রভাবের খুব একটা উর্ধ্বে আছি কি-না। এটা আমাদের একটা ভাববার বিষয়।

“যদিও আমরা বলছি, আমরা স্বাধীন স্বাধীন। আসলে আমরা কতটুকু স্বাধীন? এ বিষয়টি আমার মনে হয়, প্রশ্ন করা প্রয়োজন।”

তিনি মনে করেন, কোনো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য দেওয়ার ক্ষেত্রে তথ্য কমিশনারদের পদমর্যাদা বিবেচনা গুরুত্ব ঠিক করেন।

“তারা (দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তারা) ভাবে, আসলে তাদের (তথ্য কমিশনারদের) স্ট্যাটাসটা কি, কোন পর্যায়ে আছে, তাদের কতটুকু পাত্তা দিবো।”

রিসার্চ ইনিশিয়েটিভ, বাংলাদেশের (রিব) উদ্যোগে ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা।

‘তথ্য অধিকার আইন ব্যবহারের মাধ্যমে প্রান্তিক ও মূলধারার জনগোষ্ঠীর ক্ষমতায়ন’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক।

বিদায়ী তথ্য কমিশনার এমএ তাহেরের সঙ্গে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ইউকে এইডের রিচার্ড বাটারওয়ার্থ ও ট্রেসি মেরি লেইন।

নবম সংসদের প্রথম অধিবেশনে গত ২৯ মার্চ তথ্য অধিকার আইন-২০০৯ পাস হয়। সাবেক সচিব এম আজিজুর রহমানকে প্রধান তথ্য কমিশনার করে তিন সদস্যের তথ্য কমিশন গঠন করে সরকার। সে সময় নিয়োগ পান এমএ তাহের ও সাদেকা হালিম।

আজিজুরের পর মোহাম্মদ জমির ওই পদে ছিলেন। নিয়োগের পর ভিন্ন প্রজ্ঞাপনে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয় সরকার।