২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছড়িয়ে পড়েছে ‘ভাইরাস’ জ্বর

গত তিন-চার দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ‘ভাইরাস’ জ্বরে আক্রান্ত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এস এম নাদিম মাহমুদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 04:59 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা দেয়া হয়েছে।

তবে, এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার বিকালে সরেজমিন নবাব আব্দুল লতিফ, শামসুজ্জোহা, শেরে বাংলা, বঙ্গবন্ধু, মাদার বখশ, মুন্নুজান, রোকেয়া ও তাপসী হলের কয়েকশ আক্রান্ত শিক্ষার্থী দেখা যায়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান ডা. তবিবুর রহমান শেখ শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, হঠাৎ করেই গত কয়েকদিন থেকে অস্বাভাবিক হারে জ্বরে আক্রান্ত শিক্ষার্থীরা চিকিৎসা নিতে আসতে থাকেন, যাদের অধিকাংশই ভাইরাস জ্বরে আক্রান্ত।

তিনি বলেন, “প্রতিদিন ২৭ জন চিকিৎসক সেবা প্রদান করে আসছেন। আর এই ধরনের চিকিৎসায় আমরা কেবল প্যারাসিটামল ও অ্যান্টিহিস্টামিন জাতীয় টাবলেট দিচ্ছি।”

রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী জিনাতুন নাহার পুষ্পিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দিন ধরে জ্বর, সর্দি ও মাথা ব্যথায় আক্রান্ত হয়েছি। প্যারাসিটামল খেয়েও কোনো কাজ হচ্ছে না। চিকিৎসা কেন্দ্র থেকে কয়েকটি ঔষধ দিয়েছে, কিন্তু এখনো জ্বর কমেনি।

আখতারুজ্জামান রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, এর আগেও জ্বর হয়েছিল, কিন্তু এই জ্বরের মতো এত প্রকট নয়। চিকিৎসা নেয়ার পরও জ্বরের মাত্রা কমছে না।

প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত চার দিন ধরে আমার স্ত্রী, মা ও এক সন্তান জ্বরে আক্রান্ত হয়েছে।

“জ্বরের প্রকটতা দেখে আপাতত আমার কাছে এটিকে ভাইরাল ইনফ্লুয়েঞ্জাই মনে হচ্ছে। আবাহাওয়ার দ্রুত পরিবর্তন, বিশেষত কয়েকদিন থেকে এই অঞ্চলে প্রচণ্ড তাপদাহে ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে এল মনে হচ্ছে।”

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই জ্বরকে সিজনাল ভাইরাল ফিভার বলা হয়। সাধারণত ৭২ ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত এই জ্বর থাকে বলে তিনি জানান।

এদিকে জ্বরে আক্রান্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন’ এর সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বলেন, চিকিৎসা কেন্দ্রে গেলে চিকিৎসকদের পাওয়া যায় না। ডাক্তারা ৮/১০ জন রোগী দেখার পর আর দেখেন না। জ্বরের চিকিৎসা নিতে গেলে উনারা (ডাক্তারা) বলেন- এই জন্য কি চিকিৎসা নিতে আসা লাগে? আর চোখ বন্ধ করে নাপা দিয়ে দেন।

তবে বিষয়টি অস্বীকার করে চিকিৎসা কেন্দ্রর প্রধান ডা. তবিবুর রহমান শেখ জানান, এখান থেকে চিকিৎসা সেবা পায়নি একথা সঠিক নয়। তবে তিনি ঔষধ সরবরাহ কম থাকায় সবাইকে দেওয়া সম্ভব হয়নি বলে স্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তার দপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারীও এই রোগে আক্রান্ত হয়েছেন।

তবে জ্বরটি সাধারণ জ্বর নাকি অন্যকিছু তা দেখার জন্য চিকিৎসকদের নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।