২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লবীদের সম্মাননা দিল মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনে বিশেষ ভূমিকা রাখায় প্রতিষ্ঠার ২১ বছর পর পাঁচজন বিপ্লবী, ১২ জন অগ্রণী জননী এবং নয়জন নেপথ্য যোদ্ধাকে সম্মাননা জানিয়েছে মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 01:33 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় পুরানা পল্টনে ট্রাস্টটির শহীদ তাজুল মিলনায়তনে এ সম্মাননা জানানোর পাশাপাশি বিপ্লবীদের জীবন নিয়ে স্মৃতিচারণ করা হয়।

অনুষ্ঠানে ট্রাস্টের সম্পাদক হেলালউদ্দীন বলেন, “বাংলাদেশ বিনির্মাণে ও কমিউনিস্ট আন্দোলনে যারা বরেণ্য ভূমিকা রেখেছে তাদের মনি সিংহ-ফরহাদ ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে।”

সম্মাননা পাওয়া পাঁচ বিপ্লবী হলেন- বারীন দত্ত যার ছদ্মনাম ছিল আবদুস সালাম, খোকা রায় যার ছদ্ম নাম ছিল সুধীন, অনিল মুখার্জী, শেখ রওশন আলী ও জ্ঞান চক্রবর্তী।

সম্মাননা পাওয়া অগ্রণী জননীর মধ্যে ইতোমধ্যেই প্রয়াত হয়েছেন নয়জন। তারা হলেন- আলিফা খাতুন, উম্মে হানী খানম, ফাহিমা বেগম, লুৎফুন্নেসা, আফিয়া খাতুন,বেগম রওশন আরা।

এছাড়াও সম্মাননা পেয়েছেন, জোবেদা হক, সুফিয়া খানম,লতিফা খানম ও সুফিয়া মীর্জা।

ট্রাস্টের সম্পাদক হেলালউদ্দিন বলেন, “আমরা খুবই দু:খিত তাদের আমরা জীবিত থাকতে সম্মাননা জানাতে পারিনি। তাদের আমরা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করে যাবো।”

এছাড়াও অনুষ্ঠানে পাকিস্তান আমলে গোপনে কমিউনিস্ট আন্দোলন জোরদার ও বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে ভূমিকা রাখার জন্য সম্মাননা পান-গাজী মতিউর রহমান, গফুর-আমিনা আক্তার দম্পতি, রাজা ফজলুল হক-আলো দম্পতি, আবদুল জলিল দম্পতি ও সিদ্দিক আহমেদ-শাহানা আহমেদ দম্পতি।

অনুষ্ঠানে স্মৃতিচারণ

অনুষ্ঠানে বিপ্লবীদের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম বলেন, “আমরা বিপ্লবীদের কাছে চিরঋণী। নিরলসভাবে আদর্শ নিয়ে তারা উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থেকে আমাদের মুক্তি সংগ্রামের পথ দেখিয়েছিলেন।

“উনবিংশ শতাব্দীর শেষ দিকে তারা যে পদ্ধতিতে আন্দোলন সংগ্রাম করেছেন, কর্মপদ্ধতি বেছে নিয়েছিলেন তা ছিল অসাম্প্রদায়িক। এখন আমরা যারা ভিন্ন ভিন্ন জায়গায় আছি, কাজ করছি তারা যেন এ বিষয়টি মনে রাখি থাকি।এতে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।”

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান বলেন, “স্বল্প সময়ে বিপ্লবীদের নিয়ে স্মৃতিচারণ করা সহজ নয়। সময় নিয়ে এ বিষয়ে আলোচনা করা গেলে তা ফলপ্রসূও হবে। আমি ১৯৭০ সালে ছাত্ররাজনীতি শেষে সাপ্তাহিক একতায় যোগ দিয়েছিলাম। একতার প্রস্তুতির সময়ে পরিচয় হয়েছিল খোকা’দার সঙ্গে।

“৯০ এর দশকে ভারতের কলকাতায় গিয়েছিলাম। তিনি থাকতেন তখন কলকাতায়। এক রাতে তার বাড়ি খুঁজে না পেয়ে স্ত্রীসহ অন্য এক জায়গায় ছিলাম। পরদিন খুব ভোরে তার বাড়ি গিয়ে শুনি খোকা’দা খাবার নিয়ে আমার জন্য সারারাত জেগে ছিলেন। কতোটা আস্থা থাকলে তিনি বলতে পারেন, যত রাতই হোক ও আসবে। আমি এ ঘটনাটি কখনো ভুলে যেতে পারবো না।”

 “সেসময় কমিউনিস্টি পার্টি করতে বৈপ্লবিক স্পৃহা, স্বপ্ন কাজ করতো। কর্মীদের সামলানো কঠিন ছিলো,” বলেন তিনি।

বিপ্লবী জ্ঞান চক্রবর্তীর বিষয়ে তিনি বলেন, “জ্ঞান’দা সবার আগে কর্মীদের কথা শুনতেন। শ্রমিকরা তাদের কথা মন দিয়ে তাকে বলতো। এক মুহূর্তেই মানুষকে আপন করে নেবার ক্ষমতা ছিল তা। তিনি শ্রমিকদের বলতেন-ভাল বিপ্লবী হতে হলে ভালো শ্রমিক হতে হয়। তিনি ছিলেন আপাদমস্তক একজন ভালো মানুষ।”

দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম মুকুল বলেন, “অনেক আলোচনা করেও বিপ্লবীদের জীবনের কথা বলে শেষ করা যাবে না। পত্র পত্রিকায় তাদের জীবন চেতনার কথা তুলে ধরা দরকার। এতে দেশ উপকার পাবে।”

তিনি বলেন, “জ্ঞান’দার ব্যক্তিত্ব আমাদের টানতো। তার অনমনীয় চরিত্র আমাদের আকৃষ্ট করতো।”

ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেন, “বিপ্লবীরা মানুষের জন্য নিরলসভাবে আন্দোলন সংগ্রাম করে গেছেন। তাদের কথা স্বল্প সময়ে বলে শেষ করা যাবে না। আজীবন তারা শ্রদ্ধাভরে স্মরণ করবো আমরা।”

এছাড়াও মনি সিংহ-ফরহাদ ট্রাস্টের পক্ষে স্মৃতিচারণে অংশ নেন ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন, সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক অজয় রায় প্রমুখ।