২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার

চট্টগ্রাম নগরী থেকে অপহৃত এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের একটি দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 10:38 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

ঢাকার মিরপুর থেকে বৃহস্পতিবার গভীর রাতে শিশুটি উদ্ধারের পাশাপাশি মহিলাসহ চারজনকে গ্রেপ্তারও করা হয় বলে জানান কোতোয়ালী থানার এসআই মো. কামরুজ্জামান। 

গ্রেপ্তার চারজন হলে মো. ইয়াহিয়া (২৬), হনুফা বেগম (৩৫), হুমায়ুন কবীর (৩৪) ও সঞ্জু (৩৮)।

এসআই মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২২ জুন  নগরীর ফিরিঙ্গী বাজার থেকে ওমান প্রবাসী রাজু দে’র আড়াই বছরের শিশু দেবরাজকে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে গ্রেপ্তার ইয়াহিয়া।”

কামরুজ্জামান জানান, বিষয়টি পুলিশকে জানানোর পর তিনি এবং তার সহকর্মী এসআই ইলিয়াস খান কৌশলে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে তিন লাখ টাকা দেয়ার আশ্বাস দেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে মিরপুর ১২ নম্বর সেক্টর এলাকায় হনুফা, ইয়াহিয়া, হুমায়ন ও সঞ্জু টাকা নিতে আসলে তাদের গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান তিনি। 

কামরুজ্জামান বলেন,  “ইয়াহিয়াকে ওমান যাওয়ার ভিসা জোগাড় করে দেয়ার কথা ছিলো প্রবাসী রাজুর। এ কারণে রাজুকে টাকাও দেন ইয়াহিয়া।

“কিছুদিন আগে রাজু ভিসা জোগাড় করার পরও ইয়াহিয়া তার টাকা ফেরত চায়। রাজু টাকা ফেরত না দেয়ায় ইয়াহিয়া অন্য এক ব্যক্তিকে নিয়ে গত ২২ জুন চকলেট কিনে দেয়ার প্রলোভোন দেখিয়ে দেবরাজকে বাসা থেকে অপহরণ করে।”