২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

নিহতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি গ্রামের নুরুল আলমের পুত্র মোহাম্মদ আলী (২২) ও  তার খালু ভাটিয়ারি বিএমএ এলাকার মৃত নুর মিয়ার ছেলে জাফর আলম (৪০)। 

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিএইচপি গ্লাস কারখানার সামনে ওই দুর্ঘটনা ঘটে বলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম জানিয়েছেন।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুইজন গুরুতর আহত হন।

“গুরুতর আহতাবস্থায় দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।”

পরে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাবার পথে রাস্তায়ই দুজনের মৃত্যু হয় জানান সার্জেন্ট জিল্লুর।

ভাটিয়ারি ইউনিয়র পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার সাংবাদিকদের জানান, মোহাম্মদ আলী তার খালুকে নিয়ে সীতাকুণ্ড সদরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ভাটিয়ারি নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, তাদের সীতাকুণ্ড হাসপাতাল এবং পরে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যাবার সময় মহাসড়কে যানজটের কারণে পথেই তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ কর্মকর্তা জিল্লুর রহিম জানান, দুর্ঘটনা ঘটিয়ে কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়।