সেলিম ওসমানকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাপা প্রার্থী এ কে এম সেলিম ওসমানকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মিহির সারোয়ার মোর্শেদ।
এদিকে নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম ওসমান নেতাকর্মীদের অপকর্ম করলে কোনো ছাড় দেয়া হবে না বলে সাবধান করে দেন।
রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ শুক্রবার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় জানান, দ্বিতীয় স্থানে থাকা এস এম আকরাম কোনো লিখিত অভিযোগ করেননি।
শুক্রবার বেলা ১১টায় সরাকিরভাবে ফলাফল একত্রীকরণ কর্মকাণ্ডে তাকে নোটিশ করা হয়েছিল। তার পক্ষ থেকে বলা হয়েছিল তিনি লিখিত কিছু দেবেন।
কিন্তু বিকাল ৪টা পর্যন্ত অপেক্ষায় থাকার পরও তিনি আসেননি।
জাপা প্রার্থী সেলিম ওসমানকে জয়ী ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি জানান, স্থগিত একটি ভোট কেন্দ্রে প্রায় ২ হাজার ভোট ছিল। এর সব ভোট দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীকে দিলে তিনি জয়ী হতে পারছেন না। সেই নিয়মে ওই কেন্দ্রে আর ভোট গ্রহণের প্রয়োজন নেই।
তবে, পরবর্তীতে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দিলেও দিতে পারে বলে তিনি জানান।
নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া প্রসঙ্গে এস এম আকরাম জানান, তিনি সরকারিভাবে কোনো রেজাল্ট শিট পাননি। হাতে পেলে তা দেখে পরবর্তী পদক্ষেপ নিবেন।
ফলাফল একত্রীকরণ অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৪১ কেন্দ্রের মধ্যে ১৪০ কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে সেলিম ওসমান পেয়েছেন ৮২ হাজার ৮৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের এস এম আকরাম পেয়েছেন ৬৬ হাজার ১১৪ ভোট। জামানত হারিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ। শফিকুল পেয়েছেন ১৩৯৬ ভোট এবং মামুন সিরাজুল মজিদ পেয়েছেন ৭৪৩ ভোট।
নেতাকর্মীদের উদ্দেশে সেলিম ওসমান
শুক্রবার দুপুরে জাতীয় পার্টির নারায়ণগঞ্জ কার্যালয়ে কর্মীসভায় নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম ওসমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজি, সন্ত্রাসসহ যেকোনো অপকর্ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।
“আমি দল মত নির্বিশেষ আমার আসন তথা নারায়ণগঞ্জবাসীর সবার লোক। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমার যেমন দায়িত্ব, যারা দেননি তাদের প্রতিও আমার সমান দায়িত্ব,” বলেন সেলিম ওসমান।
কর্মীসভা শেষে তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এরপর তিনি শহরের মাসদাইর কবরস্থানে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এ সাংসদের বাবা সামসুজ্জোহা ও সদ্য প্রয়াত ভাই নাসিম ওসমানের কবর জিয়ারত করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।
