সিলেটে ছাত্রদল নেতা খুন
সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের এক নেতা খুন হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জিল্লুল হক জিলু (৩৫) ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহনগর ছাত্রদলের সদস্য ছিলেন।
এদিকে, হামলার পর রামদাসহ দুই ছাত্রদলকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
এ ঘটনার পর নগরীতে ছাত্রদলের জামান গ্রুপ ও জিল্লুর গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, ছাত্রদল নেতা জিলু পাঠানটুলায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে ঠান্ডা পানীয় পান করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয জন দুর্বৃত্ত এসে তাকে ধাওয়া পাশের একটি গলির ভেতর নিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে যায়।
স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নগরীর শাহী ঈদগাহে মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহীর বাসায় আগুন ধরিয়ে দেয় তারা। এছাড়া নগরীরর সুবিদবাজার এলাকার ছাত্রদলকর্মী জামাল ওরফে কালা জামালের গাড়িতে আগুণ ধরিয়ে দেয় জামান গ্রুপের কর্মীরা।
এদিকে ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনায় রোববার থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল। কর্মসূচির মধ্যে রয়েছে শোক র্যালি, দোয়া মাহফিল ও স্বারকলিপি প্রদান।
মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল আরেফিন গণি জিল্লুর গ্রুপের সদস্যরা তাকে কুপিয়ে খুন করেছে বলে জিলুর সহকর্মীরা দাবি করছেন।
ছাত্রদলের জেলা সহসভাপতি আবদুল আহাদ খান জামাল বলেন, গত অক্টোবর মাসে জিল্লুর গ্রুপ ছেড়ে জিলু স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শামসুজ্জামান জামান গ্রুপে যোগ দেন। এর রেশ ধরে জিল্লুর গ্রুপের কর্মীরা তাকে খুন করেছে।
এ ব্যাপারে জিয়াউল আরেফিন গণি জিল্লুর বলেন, জিলু কিছুদিন আগে তার গ্রুপ ছেড়ে গেছেন। তার গ্রুপের নেতাকর্মীরা এ হামলায় সম্পৃক্ত নন।
তিনি বলেন, কিছুদিন ধরে জামান গ্রুপের কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। তাদের কোন্দলের জেরেই এ খুনের ঘটনা ঘটেছে।
দুই ছাত্রদলকর্মী আটক
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন আরো জানান, হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় রামদাসহ দুই ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
এরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সায়েম আহমদ (৩০) ও সিলেট সদরের লাখাউড়ার ইয়াকুব আলীর ছেলে ফরিদ আহমদ (২০)।
বাকিদের আটকে পুলিশ অভিযানে নেমেছে বলে তিনি জানান।
