২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রওশনকে ভারত সফরের আমন্ত্রণ সুষমার

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 03:32 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সুষমার সঙ্গে প্রায় একঘণ্টার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় পার্টির নেতা রওশন।

রওশন সাংবাদিকদের বলেন, “তিনি (সুষমা স্বরাজ) আমাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।” 

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিদ্যুৎ খাতে সহযোগিতা, স্থল সীমান্ত চুক্তি ও তিস্তার পানি বণ্টন চুক্তিসহ দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য।

রওশন বলেন, “মূলত বিদ্যুৎ, সীমান্ত এবং তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি (সুষমা) বলেছেন, ভারত বাংলাদেশের ‘পাওয়ার সেক্টরে’ বিনিয়োগে আগ্রহী।

“দু’দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোসহ যা যা সমস্যা আছে তা আলোচনার মাধ্যমে ধীরে ধীরে সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে বেলা ১১টা ৫০ মিনিটে সংসদ ভবনে আসেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী।  তাকে ফুল দিয়ে স্বাগত জানান রওশন এরশাদ।

বিরোধী দলীয় নেতার কার্যালয়ে বৈঠক শেষে ১২টা ৫০ মিনিটে বিদায় নেন সুষমা স্বরাজ। এসময় তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এবং বাংলাদেশে ভারতের হাই কমিশনার পঙ্কজ সরন উপস্থিত ছিলেন।

রওশনের সঙ্গে উপস্থিত ছিলেন তার রাজনৈতিক সচিব গোলাম মসিহ্ এবং বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।

বুধবার তিনদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

আনুষ্ঠানিক বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গেও।

এছাড়া প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও শুক্রবার সকালে তার সঙ্গে দেখা করেন।