নেত্রকোণায় বিএনপি নেতা খুন
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান, বুধবার মধ্যরাতে খিদিরপুর গ্রামে নিজ বাড়ির সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
তিনি বলেন, রাতে মোহাম্মদ আলী বাড়ির সামনে চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। এ সময় রাত সাড়ে ১২টার দিকে ৩০/৪০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাকে শরীরে অনেকগুলো কোপের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
মোহাম্মদ আলী স্থানীয় আওয়ামী লীগ নেতা শামছুল হক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন জানিয়ে ওসি অভিরঞ্জন বলেন, “ওই হত্যাকাণ্ডের জের ধরেই এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
