২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি আবাসন চায় হিজড়া জনগোষ্ঠী

দেশের সব উপজেলায় সরকারি ব্যবস্থানায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) গড়ে দেয়ার দাবি উঠেছে রাষ্ট্রীয়ভাবে ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে মর্যাদা পাওয়া হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 08:27 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের’ লক্ষ্যে গাজীপুর সমাজসেবা অধিদফতরের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এই দাবি তোলা হয়।

গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আইয়ুব হোসেন।

কালীগঞ্জ উপজেলার হিজড়া সর্দার রাত্রি বলেন, “আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না, সমাজে প্রতিষ্ঠিত হতে চাই।”

এজন্য প্রতি উপজেলায় হিজড়াদের পুনর্বাসনের জন্য সরকারি ব্যবস্থাপনায় বাড়ি ও দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান করে দেয়ার দাবি জানান তিনি।

সমাজসেবা অধিদফতরের পরিচালক মো. আইয়ুব হোসেন বলেন, “অবহেলিত হিজড়াদের জন্য সরকার কাজ করছে। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে আধুনিক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তাদের আবাসনের ব্যবস্থাও করা হবে।”

পর্যায়ক্রমে হিজড়া জনগোষ্ঠর সবাইকে প্রশিক্ষণ দিয়ে কলকারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি করে সমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হবে বলে জানান তিনি।

গাজীপুরের জেলা প্রশাসক মো, নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন, গাজীপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আজহার আলী মিঞা, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার প্রমুখ।