২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসায় বিস্ফোরণে ইজাহার অভিযুক্ত

চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এসিড আইনে করা মামলায় হেফাজতে ইসলাম নেতা মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে হারুণ ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 01:20 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠন করা হয়।

আগামী ১৫ জুলাই এ মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মুফতি ইজাহারুল ইসলাম ও মুফতি হারুণ ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

এর আগে গত ৫ জুন মুফতি ইজাহার ও তার ছেলে হারুণের বিরুদ্ধে এসিড মামলায় দেয়া পুলিশের অভিযোগপত্র আমলে নেন আদালত।

গত ২৮ মে মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই মো. লোকমান হোসেন এ মামলার অভিযোগপত্র চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশ প্রশিকিউশন শাখায় জমা দেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এতে এসিড নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারায় মুফতি ইজাহার ও হারুণ ইজাহারকে অভিযোগপত্র ভুক্ত করা হয়। অভিযোগপত্রে ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে।

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহার পলাতক আছেন। তবে তার ছেলে মুফতি হারুণ ইজাহার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুত এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।

এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও এসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।

গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায়ও মুফতি ইজাহার ও তার ছেলে হারুণসহ নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠন করা হয়।

এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগ শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।