শেরপুরে ছাদের অংশ ধসে ২ ব্যবসায়ী আহত
শেরপুর সদরে একটি বাজারের তিনতলা ভবনের ছাদের অংশ ধসে পড়ে দুই মাংস ব্যবসায়ী আহত হয়েছেন।
সোমবার দুপুরে তিনতলা পৌর বাজার ভবনে এ ঘটনায় আহত হন আব্দুল মালেক (৪৫) ও হাবিব (৩৫)।
আব্দুল মালেককে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং হাবিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত বছর সাভারের রানা প্লাজা ধসের পর শেরপুর পৌরসভার বিভিন্ন ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে শহরের নয়আনী বাজারের তিনতলা বাজার ভবনটি ব্যবহারের অযোগ্য হিসেবে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
একই ভবনের তৃতীয় তলায় মসজিদ এবং দ্বিতীয় তলায় প্রায় প্রায় ত্রিশটি দোকান বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। কিন্তু নিচের তলায় মাছ-মাংস ও শুটকিসহ প্রায় ৫০টি দোকানের ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে আসছেন।
এ ব্যাপারে পৌর মেয়র হুমায়ুন কবির রুমান এবং নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মোখলেছুর রহমান জানান, ভবন পরিত্যক্ত ঘোষণা করে প্রয়োজনীয় সকল প্রচারণা এবং ব্যবস্থা গ্রহণ করা হলেও ব্যবসায়ীরা ওই নিষেধ না মেনে ব্যবসা করে আসছেন।
পরিত্যক্ত এ ভবনটি শিগগিরই ভাঙার কাজ শুরু করা হবে বলে তারা জানান।
