২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই তিস্তা চুক্তির আশা মন্ত্রীর

অচিরেই ভারতের সঙ্গে তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 05:04 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি’র প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অচিরেই সমতা, ন্যায়ানুগতা ও পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে তিস্তা নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে। ভারতের সঙ্গে আলোচনা করে অনতিবিলম্বে চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারতের নানা উদ্যোগ ও অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি।

পিরোজপুর-৩ আসনের সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম জানান, বহ্মপুত্র নদের অববাহিকায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবিদ্যুৎ উন্নয়নে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ, ভারত ও ভুটান-এর যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয়েছে। এ গ্রুপের পরবর্তী বৈঠক নতুন দিল্লীতে অনুষ্ঠানের প্রস্তুত চলছে।

মন্ত্রী বলেন, “এ বৈঠকে বহ্মপুত্র ছাড়াও গঙ্গা অববাহিকায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবিদ্যুৎ উন্নয়নে যৌথ প্রকল্পের বিষয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে আলোচনার হওয়ার সম্ভাবনা রয়েছে।”

সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

দিনের কার‌্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।