২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মহাসড়কে দীর্ঘ যানজট

বৃষ্টিতে কর্দমাক্ত ভাঙা রাস্তায় ট্রাক বিকল হয়ে সোমবার গাজীপুরের হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় সাড়ে চার ঘণ্টা যানজট হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 03:42 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

নাওজোর মহাসড়ক ফাঁড়ির এসআই মো. কামাল পাশা জানান, ওই মহাসড়ককে চার লেন করার কাজ চলছে। এরমধ্যে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। এ কারণে সেখানে বেশকিছু জায়গায় গর্ত হয়েছে। সকালের দিকে সেখানে একটি ট্রাক বিকল হয়ে গেছে এবং চালকরা ট্রাফিক আইন না মেনে চলায় এ অবস্থার সৃষ্টি হয়।

এ কারণে সকাল ৭টা থেকে ওই এলাকায় প্রায় ১৫ কিলোমিটার সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে বিকল হয়ে যাওয়া ট্রাকটি সরানো হলে বেলা ১২টা থেকে ধীরগতিতে যান চলাচল শুরু হয়।

এদিকে যানজটে আটকে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়ক দিয়ে চলা বিভিন্ন পেশার কর্মজীবীরা।

সকালে ভাওয়াল মির্জাপুর কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাকেরা ফাতেমা জানান, সকাল ৯টায় তার ক্লাশ ছিল। কিন্তু যানজটে আটকে দুই ঘণ্টাতেও তিনি গন্তব্যে যেতে পারেননি।

গাজীপুর সদর উপজেলার রোভারপল্লী হাই স্কুলের শিক্ষক কানিজ ফাতেমা বলেন, সকাল ১০টায় তার স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ডিউটি ছিল, কিন্তু এরইমধ্যে সময় চলে গেছে।