২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবালয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ৪

মানিকগঞ্জের শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ চারজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 03:35 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

শিবালয় থানার ওসি মো. রাকিবুজ্জামান জানান, রোববার রাত ২টার দিকে মালুচি গ্রামে কমান্ডার রেজাউর রহমান জানুর (৫৫) বাড়িতে এ হামলার পর দুটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায় তারা।

আহত অন্যরা হলেন জানুর স্ত্রী নার্গিস আক্তার (৪৮), ভাই সাবেক সংসদ সদস্য (চতুর্থ সংসদ) আব্দুর রউফ খান (৭০) এবং জানুর বন্ধু মানবাধিকার কর্মী মাহবুবুর রহমান (৫২)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কমান্ডার রেজাউর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

ওসি মো. রাকিবুজ্জামান আরো জানান, হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত আব্দুর রউফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে ১২/১৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তার ভাই রেজাউর রহমানের বাড়িতে হানা দেয়। বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে রেজাউর, নার্গিস ও মাহবুবুরকে কোপাতে থাকে তারা।

তাদের রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা আবদুর রউফের উপরও হামলা চালালে তার একটি হাত ভেঙ্গে যায়। এরপর যাবার সময় তারা বাড়ি থেকে লাইসেন্স করা একটি বন্দুক ও একটি পিস্তল নিয়ে যায়।

হামলার কারণ সম্পর্কে আব্দুর রউফ কিছু জানাতে না পারলেও ছোট ভাই রেজাউর রহমানকে হত্যার জন্য এ হামলা হয়েছিল বলে ধারণা করছেন তিনি।