২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘতম দিন ২১ জুন

উত্তর গোলার্ধের সবেচয়ে বড়দিন শনিবার (২১ জুন)। এদিন ঢাকার আকাশে সূর্য থাকবে মোট ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ১ সেকেন্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 09:46 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি কর্কটক্রান্তি বা অয়ন দিবস হিসেবে পালিত হয়।

বাংলাদেশে দিনটি পালনোপলক্ষে বিজ্ঞান ক্লাব ‘অনুসন্ধিৎসু চক্র’ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার চক্রের কেন্দ্রীয় সভাপতি আমানুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দিনে সূর্যের অবস্থান

দিনটিতে সূর্য তার উত্তরায়নের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে, সর্বোচ্চ উত্তরে উদয় হয় এবং সর্বোচ্চ উত্তরে অস্ত যায়। পৃথিবীর কর্কট রেখায় যা ২৩ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়ে যায়। এদিন সূর্যকে মধ্যাহ্নে আকাশের ঠিক মাঝখানে দেখা যায়।

বাংলাদেশের মধ্যাংশ দিয়ে কর্কট রেখা থাকার ফলে কর্কটক্রান্তি দিবসে বাংলাদেশের প্রায় সবখানেই মধ্যাহ্নে সূর্য থাকবে মধ্যগগনে, প্রায় মাথার উপরে।

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওই সময়ে কর্কটরেখায় কোনো দণ্ড বা লাঠি ভূমির সঙ্গে লম্বভাবে রাখলে তার ছায়া তৈরি হবে না।

ঢাকার আকাশে ২১শে জুন বেলা ১২টায় সূর্য মধ্যগগন থেকে মাত্র শূন্য দশমিক ৩ কৌণিক ডিগ্রি দূরে থাকবে। তাই ঢাকাতেও ওই সময়ে কোনো লম্ব দণ্ডের ছায়া প্রায় পড়বে না বলা যায়।

অনুসন্ধিৎসু চক্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারপাশের প্রকৃতি ও প্রতিবেশের বিভিন্ন ঘটনার প্রতি সাধারণের মধ্যে আগ্রহ সৃষ্টি এবং এগুলোর বিজ্ঞানসম্মত কারণ অনুসন্ধানে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশে দিবসটি পালন করে অনুসন্ধিৎসু চক্র।

এ বছরও দিবসটি উপলক্ষে অনুসন্ধিৎসু চক্র বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চক্রের বরিশাল শাখা বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে সূর্যের ছায়া পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।

অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগ ঢাকায় ১২/এ ইস্কাটনে শনিবার সন্ধ্যা ৭টায় টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া খলিলুর রহমান প্রাইমারি স্কুলে বিকাল ৫টা  ও সকাল ১১টায় বিশেষ টেলিস্কোপ দিয়ে সৌরকলঙ্ক দেখানোর আয়োজন করেছে এ চক্র।