২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বস্তায় মিলল অপহৃত যুবককে

নাটোরের সিংড়ার উপজেলায় অপহরণের সাতদিন পর এক যুবকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 02:47 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার ভোরে উপজেলার শেরকোল এলাকায় নাটোর-বগুড়া সড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় রাকিব হাসানকে দেখতে পায় স্থানীয়রা।

রাকিব বগুড়া সরকারি আজিজুল হক কলেজের স্মাতক (সন্মান) তৃতীয় বর্ষের ছাত্র ও নাটোরের সিংড়া উপজেলার ছাতনদিঘী গ্রামের বাসিন্দা।

গত শুক্রবার নিজ গ্রাম থেকে নিখোঁজ তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন শুক্রবার সকাল ৬টার দিকে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নাটোর-বগুড়া সড়কের পাশে একটি বস্তা দেখতে পান। বস্তার ভেতর কিছু একটা নড়াচড়া করতে দেখে লোকজন বস্তাটি সড়কের ওপর উঠান। এরপর বস্তা খুলে একজন যুবককে অচেতন অবস্থায় দেখতে পান। এলাকাবাসী তাৎক্ষণিক তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন।

দুপুর ১২টায় রাকিব হাসানের মামাত ভাই শাহীন আলম জানান, তখন পর্যন্ত রাকিবের জ্ঞান ফিরে নাই।

তিনি জানান, গত শুক্রবার বিকেলে রাকিব হাসান বাড়ি থেকে সিংড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়। তখন থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। দুই দিন পর একটি মুঠোফোন থেকে তাকে অপহরণের কথা জানানো হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৫০ হাজার টাকা। কিন্তু কিছু সময় পর থেকে ওই মুঠোফোন বন্ধ হয়ে যাওয়ায় মুক্তিপণের টাকা পরিশোধ করা সম্ভব হয়নি।

শেরকোল গ্রামের আজিজুল ইসলাম বলেন, “সকালে বাজারে যাওয়ার সময় আমরা একটি বস্তার মধ্যে কিছু নড়াচড়া করতে দেখি। পরে বস্তাটি খুলে ওই যুবককে উদ্ধার করি।”

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “এ ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।”