উত্তরপত্রে লিখতে দেয়ার অভিযোগে কলেজ শিক্ষকের সাজা
রাজশাহীতে বাড়িতে ডেকে অর্থের বিনিময়ে পরীক্ষার খাতায় উত্তর লিখতে দেয়ার অভিযোগে এক কলেজ শিক্ষক ও তার শ্যালিকাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।
একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক আবুল কালাম আজাদ ও তার শ্যালিকা রাজশাহী কলেজের মনোবিজ্ঞানের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্রী লাইলি খাতুন।
নিবার্হী ম্যাজিস্ট্রেট জাকিরুল ইসলাম জানান, যশোর এমএম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষার খাতা পান আবুল কালাম আজাদ। প্রশ্নে জীবনবৃত্তান্তর উত্তরে লেখা মোবাইল নম্বর দেখে ওই কলেজের বাদশা আলমগীর ও আসাদুজ্জামান নামে দুই ছাত্রকে শ্যালিকা লাইলি খাতুনকে দিয়ে ফোন করান আজাদ। ফোনে উত্তরপত্রে লিখে নম্বর বাড়িয়ে দেয়ার জন্য ৩০ হাজার টাকা দাবি করেন।
এতে রাজি হয়ে ওই দুই ছাত্র কলেজের অধ্যক্ষ এসএম ইবাদুল হককে বিষয়টি জানালে তিনি যশোর জেলা প্রশাসনের মাধ্যমে রাজশাহীর জেলা প্রশাসনকে তা অবহিত করেন।
জাকিরুল ইসলাম বলেন, রাজশাহী জেলা প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে রুমাল হাতে ওই শিক্ষকের জন্য অপেক্ষা করতে থাকে দুই ছাত্র। বেলা সাড়ে ১০টার দিকে আজাদ সেখানে উপস্থিত হয়ে তাদের কাজিহাটা এলাকায় নিজ বাড়িতে নিয়ে যান।
“সেখানে ৩০ হাজার টাকা নিয়ে তাদের উত্তরপত্র বের করে দেন লেখার জন্য। পুলিশ অভিযান চালিয়ে ওই শিক্ষক ও তার শ্যালিকাকে উত্তরপত্রসহ হাতেনাতে আটক করে।”
