‘ফরিদপুর মুসলিম মিশনের’ অবহেলায় এক ছাত্র পঙ্গু
চিকিৎসা দিতে অবহেলা করার কারণে ফরিদপুর মুসলিম মিশনের একছাত্রকে হাত কেটে ফেলতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হাত হারানো সুমন কাজী ফরিদপুর মুসলিম মিশনের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে পাঁচ বছর বয়সে বাবাকে হারায়। লেখাপড়া করাতে আর তিন বেলা ভাতের জন্য সুমনকে এ মিশনে ভর্তি করেছিলেন তার মা।
গত বৃহস্পতিবার ১২ জুন দুপুরে অজু করতে গিয়ে পিছলে পড়ে ডান হাত ভাঙে তার। এ ঘটনাকে গুরুত্ব না দিয়ে সুমনকে মিশনের স্বাস্থ্য সহকারী সুকুমার প্রমানিককে দিয়ে চিকিৎসা করারো হয়।
কম্পাউনডারের প্রশিক্ষণ প্রাপ্ত সুকুমারের ‘চিকিৎসার পর সুমনের অবস্থা খারাপ হতে থাকে। ওই দিন রাত থেকেই সুমন তার হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। পরদিন সকালে ব্যথা নিয়ে সুকুমারের কাছে সে যায়। এসময় সুকুমার ব্যথার কথা শুনে তাকে চর-থাপ্পর মেরে মিশনের হাসপাতাল থেকে বের করে দেয় বলে অভিযোগ করেছে সুমন।
সুমন বলে, “পরে আর আমি ভয়ে কাউকে কিছু বলিনি। কিছু বলতে গেলেই তারা ধমক দেয়।”
ফরিদপুর মুসলিম মিশনের স্বাস্থ্য সহকারী সুকুমার বলেন, “আমি সেদিন তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিয়েছি।
“মিশনের কর্মকর্তাদের কারণেই সুমনকে চিকিৎসা করে ছিলাম; যা আমার করার কথা নয়।”
ঘটনার তিন দিন পর সুমন মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। তার হাতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফমেকের চিকিৎসক অনাদি রঞ্জন মন্ডল বলেন, “সঠিক চিকিৎসা না দেওয়ায় সুমনের ডান হাতটি রক্ষা করা যায়নি।
“আমরা সর্বচ্চো চেষ্টা করেছি।”
সুমনের মা ছোবরন নেছার অভিযোগ, ছেলের অসুস্থতার কথা শুনে ঘটনার তিনদিন পর ছেলেকে দেখতে গেলে তাকে মিশনের ভেতরে ঢুকতে দেয়নি।
তিনি বলেন, “আমার ছেলের জীবনটা শেষ করে আমাকে ফোন করে ডেকে আনা হয়েছে।
“আমি মিশন এ ঘটনার বিচার চাই।”
তিনি আরো জানান, গত বছর মিশনের ইট টানতে গিয়ে সুমনের বাম হাতটিও ভেঙে ছিল।
মুসলিম মিশনের অভ্যন্তরীণ তত্বাবধায়ক ওমর ফারুক বলেন, “মিশনের স্বাস্থ্য সহকারী আমাদের কোন অনুমতি না নিয়েই ব্যান্ডেজ করেছে যা তার কাজ নয়। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”
ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ বলেন, “আমাদের সঙ্গে কথা না বলেই স্বাস্থ্য সহকারী সুকুমার সুমনের চিকিৎসা করেছে। এটা মটেও ঠিক করে নাই।
“এ ঘটনার জন্য সুকুমারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব না দিতে বলা হয়েছে।
সুমনের বোন মনিরা বেগম জানান, বাবা মরে যাওয়ায় অভাবের কারণে তাদের পরিবারের ৪ বোন ও ২ ভাইয়ের সবার ছোট ভাইটিকে মুসলিম মিশনে দেয়া হয়েছিল।
অপর বোন সাবিনা বেগম আক্ষেপ করেন, “সময়মতো সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হলে তার ভাইয়ের হাত কাটতে হতো না।
“মিশনের লোকজন বিষয়টিকে কোন পাত্তাই দেয়নি। তাদের অবহেলার কারণে আমার এতিম ভাইয়ের জীবন নষ্ট হয়ে গেল।”
