শ্বশুর বাড়ির পাশের গাছে জামাইয়ের ঝুলন্ত লাশ
ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুর বাড়ির পাশের আমগাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত সাগর (২২) মাগুরার শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামের ছিরু মিয়ার ছেলে। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।
বুধবার সন্ধ্যায় শ্বশুর ফুয়াদ আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন সাগর। সকালে বাড়ির পাশেই একটি আম গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
সাগরের স্ত্রী উর্মী বেগম ও শ্বশুর-শাশুড়িসহ সবাই পালিয়ে গেছে জানিয়ে এসআই আশিকুর বলেন, “রাতের কোন এক সময় সাগরকে শ্বাসরোধে হত্যার পর তা আত্মহত্যা বোঝানোর জন্য লাশটি গাছে ঝুলিয়ে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
