২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে যুবককে পিটিয়েছে বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতের সীমান্ত রক্ষীদের মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বাংলাদেশের এক যুবক।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 12:06 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বাবু হোসেন (২৫) নামে ওই যুবক মঙ্গলবার রাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে ধরা পড়েছিলেন বলে বিজিবি জানিয়েছেন।

এই নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হবে বলেও জানিয়েছেন ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান।

আহত বাবুকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি হামজারদীঘি গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজিবি কর্মকর্তা রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে বাবুসহ তিন যুবক সীমান্ত অতিক্রম করতে গেলে বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করে।

“অন্য দুজন পালিয়ে আসতে পারলেও বাবু ধরা পড়ে যান। পেটানোর পর অচেতন অবস্থায় তাকে রাত ৯টার দিকে সীমান্তের ৩১ নম্বর পিলারের কাছে ফেলে যায় বিএসএফ সদস্যরা।”

পরে বাবুকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাতের জখম রয়েছে বলে স্থানীয়রা জানায়।