২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৩৭টি স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল চেক পোস্ট দিয়ে সীমান্ত পার হওয়ার পর ৩৭টি স্বর্ণের বারসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 06:34 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে চেক পোস্টের নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে আটক অপু বিশ্বাস যশোরের শার্শা উপজেলার রাজগঞ্জ গ্রামের শাজাহান ওরফে বাদশা মিয়ার ছেলে ও বেনাপোল স্থলবন্দর এলাকার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কদর অ্যান্ড কোম্পানির কর্মচারী।

তবে ওই ব্যক্তি কীভাবে সীমান্ত পার হয়েছে তা জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

বেনাপোল চেক পোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএন্ডএফ প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করে অপু বিশ্বাস চেক পোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদ পেয়ে পেট্রাপোল চেক পোস্টে দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে ৩৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যেগুলোর ওজন প্রায় চার কেজি।

তবে এই স্বর্ণগুলি কোন এলাকা থেকে এসেছে বা এগুলোর মালিক কে তা জানা যায়নি বলে জানান মনিরুজ্জামান।

যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেক পোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মাদ সুবেদার হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কীভাবে সোনার চালানটি নিয়ে বাংলাদেশ চেক পোস্ট পার হয়ে নোম্যান্স ল্যান্ড এলাকায় পৌঁছাল গোয়েন্দা সংস্থার লোকজন তা খতিয়ে দেখছে।