মিশ্রভাষার বিজ্ঞাপন উচ্ছেদ শিগগির: সৈয়দ আশরাফ
তালিকা তৈরি শেষে শিগগিরই মিশ্রভাষার বিজ্ঞাপন ফলক উচ্ছেদের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ কথা বলেন সৈয়দ আশরাফ।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে তিনি জানান, সরেজমিন পরিদর্শন করে যেসব সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার ইত্যাদিতে ইংরেজি বিজ্ঞাপন/মিশ্র ভাষার বিজ্ঞাপন রয়েছে সেগুলোর তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।
“খুব শিগগির সিটি করপোরেশন এ ধরনের বিজ্ঞাপন ফলক উচ্ছেদের কার্যক্রম শুরু করবে।”
সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সরকারি দপ্তরে নামফলক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে আদালতের নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
এ আদেশ বাস্তবায়নে সিটি করপোরেশন ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি ও নিয়মিত সরেজমিন পরিদর্শন ও তদারকির কাজ পরিচালনা করছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ওই এলাকায় তিন দিনের মধ্যে এ ধরনের বিজ্ঞাপন সরিয়ে নিতে ও ভবিষ্যতে বিজ্ঞাপন না লাগানোর জন্যে দুটি পত্রিকায় [৯ ও ১০ জুনে] বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। নির্ধারিত সময়সীমার মধ্যে বিজ্ঞাপন সরিয়ে না নিলেও তা উচ্ছেদ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আলাদা আলাদা চিঠিতে ইংরেজি বিজ্ঞাপন/মিশ্র ভাষার বিজ্ঞাপন তিন দিনের মধ্যে সরিয়ে নিতে ও ভবিষ্যতে এ ধরনের বিজ্ঞাপন না দিতে অনুরোধ জানিয়েছে।
৮৮ শতাংশ মানুষ নিরাপদ পানির পাচ্ছে
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি’র প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশের নিরাপদ পানির কভারেজ ৮৮ শতাংশ এবং স্যানিটেশনের কভারেজ ৯১ শতাংশ।
এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে পানির চাহিদা দৈনিক ৫০ কোটি লিটারের বিপরীতে চট্টগ্রাম ওয়াসা দৈনিক ২০-২১ কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম, যা চাহিদার ৪২ শতাংশ।
তিনি জানান, চলমান কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের পানি আসার আগে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে ১৫টি নলকূপ স্থাপনের একটি প্রকল্প বিবেচনাধীন রয়েছে। আসন্ন রমজানের আগে জরুরিভিত্তিতে পাঁচটি নলকূপ স্থাপনের কাজ হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
মন্ত্রী বলেন, “ইতোমধ্যে দুটি গভীর নলকূপে পানি উৎপাদন শুরু হয়েছে। বাকি দিনটি রমজানের আগে চালু করা যাবে আশা করা যায়। এতে দৈনিক অতিরিক্ত এক কোটি লিটার পানি পাওয়া যাবে।”
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
