২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুর্বৃত্তদের গুলিতে দোকানি নিহত

যশোরে শহরতলীর শেখহাটি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক দোকানি খুন হয়েছেন, যাকে নিজেদের কর্মী বলে স্থানীয় বিএনপি দাবি করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 12:49 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

রোববার রাত সোয়া ১০টার শেখহাটির হাইকোর্ট এলাকার এই ঘটনায় নিহত মারুফ হোসেন (২৮) ওই এলাকাতেই ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম  আইয়ুব হোসেন। তাদের গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।

নিহতের বন্ধু রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে তিনি এবং মারুফ হাইকোর্ট মোড়ের বিএডিসি অফিসের পাশের মুদি দোকানে বসে ছিলেন। চা পান করতে গিয়ে তিনি একটু দূরে যাওয়ার পরপরই গুলির শব্দ শুনতে পান।

দৌঁড়ে এসে দেখতে পান মারুফ আহত আবস্থায় পড়ে আছে। চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি জানান, মারুফকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক কল্লোল কুমার সাহা মারুফকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মোশারফ হোসেন বলেন, “মারুফকে কে বা কারা গুলি করেছে শুনে হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পান।”

ছাত্রদল খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফুল কবির সুমন জানিয়েছেন, নিহত মারুফ যুবদল কর্মী।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে মারুফকে লক্ষ্য করে কয়েকটিগুলি ছোড়ে। এতে তার শরীরে দু রাউন্ড গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “মারুফ হোসেন মূলত মুদি দোকানি। স্থানীয়রা জানিয়েছেন তিনি বিএনপির কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা আছে।”

‘বন্দুকযুদ্ধে’ আহত ১

যশোর শহরতলির চাঁচড়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডলার নামে এক ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছে, যার বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক ডলার শহরের ষষ্ঠীতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

কোতয়ালি থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, গুলি, ৫ টি বোমা ও একটি রামদা উদ্ধার করাসহ আহতাবস্থায় ডলারকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১১টার দিকের এই ঘটনা সম্পর্কে ওসি শহিদুল বলেন,  “রোববার রাত ১০ টার দিকে কতিপয় সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য চাঁচড়ায় অবস্থান করছিল। ওই খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন ফোর্স নিয়ে সেখানে যান।

“সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে সন্ত্রাসী ডলার গুলিবিদ্ধ হয়। অন্যান্যরা পালিয়ে গেলে পুলিশ তাকে আটক করে।”

তিনি জানান, ডলারের বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে।