২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালশীতে স্বজনদের কাছে লাশ, সাংসদের প্রতি ক্ষোভ

ময়নাতদন্তের পর রাজধানীর মিরপুরের কালশীতে বিহারী ক্যাম্পে সহিংসতায় নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 11:27 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পুরনো খবর:

রক্তপাতের পিছনে বিদ্যুত?
‘বিহারি ক্যাম্পে’ সংঘর্ষ-আগুন, নিহত ১০
কালশীতে বিহারিদের অবরোধ, ৬ মামলা

ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় নিহত ১০ জনের লাশ পুলিশ পাহারায় ক্যাম্পে নেয়া হয়।

এরপর জানাজা শেষে রাতে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয় বলে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানিয়েছেন।

স্বজনদের লাশ পেতে সকাল থেকে প্রায় সারা দিন ক্যাম্পের সামনের রাস্তায় সমবেত হয়ে অপেক্ষা করেন বাসিন্দারা।

বিকালে কালশী সড়কে ৩/৪টি গাড়ি ভাংচুর করেন বিক্ষুব্ধ কয়েকজন। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শবে বরাতে আতশবাজি ফোটানো নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে শনিবার ভোরে ক্যাম্পের বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করলে দগ্ধ হয়ে নিহত হন নয়জন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যান আরো একজন।

হামলার জন্য স্থানীয় সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লা ও তার অনুসারীদের দায়ী করছেন ক্যাম্পের বাসিন্দারা।

এছাড়া ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও স্থানীয় সংসদ না আসায় তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

হামলার নেপথ্যে থাকায় সাংসদ তাদের সঙ্গে দেখা করতে আসেননি বলে অভিযোগ করেন তারা।

ক্যাম্পের বাসিন্দা নওশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়াস মোল্লা না আসাতেই বুঝতে পারসি তিনি বিহারীদের উপর হামলায় জড়িত। তার কাছের লোকেরা আমাদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে, ভাংচুর করেছে আর সম্পদ লুট করেছে।”

ক্যাম্পের আরেক বাসিন্দা বেগম (৬০) বলেন, “আতঙ্কে শনিবার সারা রাত ক্যাম্পের কেউ ঘুমাতে পারে নাই। যদি আবারো কেউ এসে কোন ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।”

শনিবার বিকালেও তাদের বসতিতে হামলা হয়েছে জানিয়ে ক্যাম্পের বাসিন্দা বেলী বলেন, “তখন আমার লাকড়ির দোকান ভেঙে ১০ হাজার টাকা লুটে নিয়ে গেছে বানিয়াবাদ বস্তির লোকেরা। আমি ওদের বিচার চাই।”

এসময় সাংবাদিকদের দেখে ছুটে আসেন শাবানা (৩৫)।

“পল্লবী থানার নাসির দারোগা আমার ভাই আসলামকে শনিবার গুলি করেছিল। আমরা এ ঘটনা কোনদিন মন থেকে ভুলে যেতে পারি না,” বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, ময়নাতদন্ত শেষে সাংসদ ইলিয়াস মোল্লার লোকজন মর্গে এসে নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দিয়েছে।

তবে এই টাকা নেননি বলে নিহত কয়েকজনের পরিবারের সদস্যরা জানিয়েছেন।