২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালশীতে বিহারিদের অবরোধ, ৬ মামলা

মিরপুরের কালশীতে বিহারি ক্যাম্পে হামলা, সংঘর্ষ ও হতাহতের ঘটনায় মিরপুর ও মোহাম্মদপুরের দুই ক্যাম্পের ‘আটকে পড়া পাকিস্তানিরা’ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 01:42 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পুরনো খবর:

রক্তপাতের পিছনে বিদ্যুত?

এদিকে শনিবারের ওই ঘটনায় পুলিশ ও এলাকাবাসী ছয়টি মামলা করেছে।  

বিক্ষোভ ও অবরোধের কারণে রোববার সকাল থেকেই ঘটনাস্থল পল্লবীর কালশীর বিহারি ক্যাম্পসহ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সামনের রাস্তা দুটি বন্ধ রাখা হয়েছে বলে ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

এ সময় তারা বেশ কয়েকটি দাবি জানায়। এর মধ্যে রয়েছে- নিহতদের লাশ দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর, গ্রেপ্তারদের মুক্তি এবং সংঘর্ষের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা।

পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার পর থেকেই ক্যাম্পের বাসিন্দারা বিক্ষোভ শুরু করে।

শনিবার ভোরের দিকে এক সংঘর্ষের ঘটনার সময় ক্যাম্পের কয়েকটি ঘরে আগুন দেয়া হলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় নয়জন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় আরেকজন।

এলাকাবাসী জানায়, বিহারি ক্যাম্পের পার্শ্ববর্তী একটি বস্তিতে (রাজুর বস্তি) অবৈধ বিদুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে বিহারিদেরই দুটি পক্ষ ও স্থানীয় বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটতে পারে।  

পল্লবী থানার এসআই মনিরা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় পল্লবী থানায় হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগে ছয়টি মামলা হয়েছে।

দুটি মামলার বাদী পল্লবী থানার এসআই মমিনুল ইসলাম ও জাহিদুল হক। বাকি চারটা মামলার বাদি ক্যাম্পের বাসিন্দারা।

একটি মামলায় কয়েকজনের নাম উল্লেখ রয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা কোন দলের কর্মী কিনা তা এজাহারে উল্লেখ নাই।”