গাজীপুরে ‘হাতুড়ের হাতে’ প্রসূতির মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় হাতুড়ে চিকিৎসকের হাতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার উপজেলার নয়নপুর হানু মার্কেটের রজনী ফার্মেসীতে মৃত পোশাক শ্রমিক রুমা আক্তার (২২) মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আতর আলীর স্ত্রী।
রুমার স্বামী আতর আলী জানান, স্থানীয় নয়নপুর হানু মার্কেট এলাকার মকবুল খাঁর বাড়িতে ভাড়া থেকে স্ত্রীসহ স্থানীয় হংকং টেক্সটাইল কারখানায় চাকরি করেন তিনি।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে তার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে তিনি নয়নপুর বাজারের রজনী ফার্মেসি থেকে হাতুড়ে চিকিৎসক রফিকুল ইসলামকে ডেকে আনেন।
আতর আলীর অভিযোগ, রফিকুল ইসলাম এসে স্থানীয় ধাত্রী মাজেদা খাতুনকে ঘর থেকে বের করে দেন। পরে প্রসব করাতে গিয়ে তার স্ত্রীর জরায়ু কেটে ফেলেন রফিকুল।
এ কারণে সন্তান প্রসবের আগেই রোববার সকাল সাড়ে ৬টার দিকে রুমার মৃত্যু হয়।
এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, “আমি জরায়ু কেটে ফেলে দেইনি, বরং প্রসবের জন্য মাত্র আধা ইঞ্চি কেটেছিলাম। রক্তশূন্যতা থাকায় ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আমি কোনোভাবে দায়ী নই।”
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
