চট্টগ্রামে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন
পাঁচ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রামের রামপুরা এলাকায় ছয়টি সংযোগ বিচ্ছিন্ন করে মামলা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দল এই অভিযান চালায় বলে পিডিবি’র বিতরণ দক্ষিণাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
এতে বলা হয়, নগরীর পূর্ব সুন্দরীপাড়া, পান্নাপাড়া ও মুহুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পূর্ব সুন্দরীপাড়ার নজরুল ইসলাম, রাজু আহমেদ ও মেহেদী হাসানের ৫৫ হাজার টাকা, পান্নাপাড়ার মো. কাউসারের ৩৭ হাজার ৩৭০ টাকা, রাজু আহামদের ৩৩ হাজার ৮৯৪ টাকা এবং আব্দুল মোনাফের দুই লাখ ৭৩ হাজার ৯৪১ টাকার বিল বকেয়া ছিলো।
এছাড়া মুহুরীপাড়ার শেখ আওয়ালের ৪৯ হাজার ১৮২ টাকার বিদ্যুৎ বিল বকেয়া ছিলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট চার লাখ ৯৮ হাজার ৫৭৪ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে এ ছয়জনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলাও করা হয়।
