২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার কড়াকড়ি যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না করে: হাসিনা

নিরাপত্তার বন্দোবস্ত যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না করে, সেজন্য এসএসএফের প্রতি অনুরোধ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 07:56 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

বৃহস্পতিবার নিজের কার্যালয়ে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে এই অনুরোধ করেন তিনি।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেয়ার জন্য এসএসএফ গঠন করা হয়। এসএসএফের নিরাপত্তার বেড়াজালে রাজনীতিক নেতা হিসেবে সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের কাছে ভেড়া দুষ্কর বলে অনেকেরই অভিযোগ। 

এসএসএফ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি এটুকু অনুরোধ করব যে, আমি যেন একেবারেই জনবিচ্ছিন্ন না হয়ে পড়ি, সেদিকে লক্ষ্য রাখবেন।

“জনগণের জন্যই তো রাজনীতি। সে জনগণের কাছে না যেতে পারলে আমার বেঁচে থাকার সার্থকতা থাকবে না।”

তবে পেশাগত দায়িত্বে দক্ষতার পরিচয় দেয়ায় এসএসএফ সদস্যদের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

“বিদেশ থেকে অনেক সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধান এসেছেন। এসএসএফের দায়িত্ব পালনে তারা মুগ্ধ। পরবর্তীতে যখন তাদের সঙ্গে আমার দেখা হয়, তারা এসএসএফের ভূয়শী প্রশংসা করেন।”

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার  বাড়ানোর ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা।

“নিরাপত্তা ব্যবস্থা আজ শুধু বাংলাদেশে না, সারাবিশ্বেই একটা চ্যালঞ্জের মুখে পড়েছে। সেটা মোকাবেলা করতে গেলে আমাদেরকেও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আধুনিক প্রযুক্তি আমাদের অনুধাবন করতে হবে, অনুসরণ করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, প্রয়োগ করতে হবে।”

প্রধানমন্ত্রী হওয়ার পর সেনাবাহিনী ও এসএসএফে নারীদের অন্তর্ভুক্ত করার নিজের পদক্ষেপের কথা তুলে ধরে তাদের কাজের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে এসএসএফের দক্ষতা উন্নয়নে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান।