২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের চাঁদাবাজি বন্ধে পরিবহন ধর্মঘটের হুমকি

পুলিশের চাঁদাবাজি বন্ধ ও ট্রাক টার্মিনাল নির্মাণসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে ২২ জুন থেকে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন চট্টগ্রামের শ্রমিক নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয় ‘বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’।

লিখিত বক্তব্যে পরিবহন শ্রমিক নেতা মৃণাল চৌধুরী বলেন, “আগামী বুধবারের মধ্যে আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২ জুন সকাল ৬টা থেকে ২৩ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্যবাহী পরিবহন শ্রমিক ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

আট দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- পুলিশের চাঁদাবাজি বন্ধ, ট্রাক টার্মিনাল নির্মাণ, মহাসড়কে চুরি বন্ধ, শ্রমিকদের নিয়োগপত্র পূর্ণ বাস্তবায়ন, ওভারলোডের নামে ওয়েট স্কেলে চাঁদাবাজি বন্ধ ও নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে জটিলতা নিরসন।

মৃণাল বলেন, চট্টগ্রামে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক, কভার্ড ভ্যান ও লরিসহ বিভিন্ন ধরনের বড় গাড়ি প্রবেশ করলেও এগুলোর জন্য কোনো ধরনের টার্মিনাল নাই।  কিন্তু অবৈধ পার্কিংয়ের কথা বলে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে পুলিশ।

এছাড়া ট্রাক টার্মিনাল নির্মানের জন্য সিডিএ ও সিটি কর্পোরেশন অনেক কমিটি করলেও ট্রাক টার্মিনাল করতে পারেনি।

সরকারের বিভিন্ন পর্যায়ে এগুলো নিয়ে আলোচনা হলেও দাবিগুলো বাস্তবায়ন হয় না বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রবিউল মাওলা, সদস্য সচিব আব্দুল নবী লেদু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি রুহুল আমিন ও চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মুছাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।