২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে চট্টগ্রামে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 06:54 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

রোববার সকার থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় ভবনের নিচতলায় অবস্থান করে কর্মচারীরা কর্মবিরতি, মিছিল ও সমাবেশ করে।

বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতির চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্মসূচি পালন করে।

এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী, উচ্চমান সহকারী ও প্রধান সহকারীরা অংশ নেন। 

সমিতির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. ইউনূস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা তৃতীয় শ্রেণির কর্মচারীরা আমাদের পদবী পরিবর্তন এবং বেতন সমন্বয়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।

পদবী পরিবর্তনের অংশ হিসেবে জেলা, বিভাগীয় ও উপজেলা পর্যায়ে কর্মরত অফিস সহকারীদের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা, উচ্চমান সহকারীদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং প্রধান সহকারীদের অতিরিক্ত সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদবি পরিবর্তনের দাবি জানানো হচ্ছে। 

ইউনূস বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্বাস প্রদান সত্ত্বেও তা বাস্তবায়ন না হওয়ায় আমরা বাধ্য হয়ে সারাদেশের মতো চট্টগ্রামেও দিনব্যাপী কর্মবিরতি পালন করেছি।

কর্মবিরতি পালনের পাশাপাশি তৃতীয় শ্রেণীর কর্মচারীরা মিছিল ও সমাবেশ করে।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালেক্টর সহকারী সমিতি, বিভাগীয় কমিটির সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অণ্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. ইঊনূস, হেলাল হোসেন, গিয়াস উদ্দিন, নন্দিতা মজুমদার, উজ্জ্বল বড়ুয়া, পরাগমনি চৌধুরী প্রমুখ।

আগামী ২১ জুন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।