২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের ভবনীগঞ্জে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 04:03 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

রোববার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভবানীগঞ্জ চৌরাস্তা মোড়ে রামগতি-লক্ষ্মীপুর অঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে তারা।

এ সময় রাস্তার দুই পাশে কয়েকশ’ গাড়ি আটকে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর অভিযোগ, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২৪ ঘণ্টার মধ্যে ২-৩ ঘণ্টা বিদ্যুৎ দেয়। বাকি ২০-২১ ঘণ্টা লোডশেডিং দেয়। এত কম সময় বিদ্যুত দেয়ায় বিশ্বকাপ চলাকালে তারা খেলা দেখতে পারছে না। এমনকি স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা লেখাপড়াও করতে পারছে না।

ভবানীগঞ্জ চৌরাস্তা বণিক সমিতির সভাপতি বিপ্লব রহমান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অনন্ত ১৬ ঘণ্টা বিদ্যুৎ দিতে হবে। বিশ্বকাপ খেলা চলাকালে রাতে বিদ্যুৎ দিতে হবে, রমজানে সেহরি, ইফতারির সময় বিদ্যুৎ দিতে হবে।

দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর এএসপি (সার্কেল) সৈকত শাহিন ও লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. মোস্তাফিজুর রহমান ১৬ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।