চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে ট্রাক ধর্মঘট
সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার ও অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে সিলেট জেলায় চলছে ট্রাক ধর্মঘট।
রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার এ কর্মসূচি পালন করছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটকারীরা ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর, তেলিবাজার, হুমায়ূন রশীদ চত্বর, এলাকায় বিক্ষিপ্ত পিকেটিং করছে। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এবং সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ এলাকা, সিলেট-তামাবিল সড়কের সালুটিকর এলাকাতেও অবস্থান নিয়ে কোন শহরে ট্রাক ঢুকতে দিচ্ছে না তারা।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।”
এর আগে শনিবার বিকালে জেলা শহরে ইউনিয়নের প্রধান কার্যালয়ে ট্রাক শ্রমিক নেতা আবু সরকারের সভাপতিত্বে একটি সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেন নেতারা।
সভায় বক্তারা বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার ও অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকবার স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তাই দাবি আদায়ের লক্ষ্যে রোববার থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করবে তারা।
