২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক সাঈদ মোহাম্মদ আবারো রিমান্ডে

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের আবারো হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 11:04 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

পঞ্চম দফা রিমান্ড শেষে শনিবার তাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলায় চার দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আদেশ দেন।

এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা নারায়ণগঞ্জে র‌্যাব কার্যালয় পরিদর্শন করেছেন।

এছাড়া এ হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় প্রধান আসামি নূর হোসেনের দেহরক্ষী মোর্তুজা জামান চার্চিল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার বিকালে কঠোর নিরাপত্তার মধ্যে তারেক সাঈদকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড শুনানিতে আদালতে কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, ইতিমধ্যে নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এছাড়া এই মামলার প্রধান আসামি নূর হোসেনের দেহরক্ষী মোর্তুজা জামান চার্চিল পৃথক দুটি হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এসআই আশরাফ বলেন, সাত খুনের ঘটনায় মামলার তদন্ত কাজ ৮০ শতাংশ উদঘাটিত হয়েছে, ২০ ভাগ বাকি রয়েছে।

এ সময় হত্যাকাণ্ডে লেনদেন করা অর্থ উদ্ধার এবং হত্যাকাণ্ডে আর কারা কারা জড়িত আছে এসব তথ্য বের করার জন্য আরো পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান তিনি।

আদালতে মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়া হোসেন খান বলেন, মামলার হত্যাকাণ্ড সর্ম্পকে নূর হোসেনের দেহরক্ষী মোর্তুজা জামান চার্চিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত রিমান্ডের ব্যাপারে তারেক সাঈদের কিছু বলার আছে কি না জানতে চাইল তারেক আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমার নতুন কিছু বলার নেই। আগে যা বলেছি সেটিই আমার বক্তব্য।”

তদন্ত কমিটির র‌্যাব-১১ কার্যালয় পরিদর্শন

সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির র‌্যাব-১১ ব্যাটালিয়ন ও শহরের পুরাতন কোর্টে অবস্থিত ক্যাম্প অফিস পরিদর্শন করেছে।

শনিবার সকালে এ পরিদর্শনের সময় তদন্ত কমিটি সদস্যরা র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক আনোয়ার লতিফ খান জানান, তদন্ত কমিটির সদস্যরা তাদের কার্যালয় পরিদর্শন করেছেন এবং পরে তারা শহরের পুরাতন কোর্টে অবস্থিত র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্প অফিস পরিদর্শন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গণমাধ্যমে নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া লাশের সঙ্গে র‌্যাবের ব্যবহৃত বস্তা, রশি ও ইটের বিষয়টি আলোচিত হওয়ায় তদন্ত কমিটি সেই কারণে র‌্যাব কার্যালয় পরিদর্শন করেছে। তদন্ত কমিটি র‌্যাবের রেশনের বস্তা ও রশি পরীক্ষা করে দেখেন।

তিনি আরো জানান, এছাড়া অপহরণের ঘটনার দিন কতগুলো গাড়ি র‌্যাব কার্যালয় থেকে বের হয়েছিল, কোন কোন সময় বের হয়েছিল, আবার কখন ভেতরে প্রবেশ করেছিল সেসব বিষয়ে রেজিস্টার পরীক্ষা করে দেখেন তারা।

তবে তদন্ত কমিটি উপস্থিত গণমাধ্যম কর্মীরে সঙ্গে কোনো কথা বলেননি।

গত ২৭ এপ্রিল সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইয়াছমিন বিউটি গত ২৮ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ সিটির কাউন্সলর নূর হোসেনকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৬ জনের নামে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এছাড়া ৭ মে ওই ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের বড় মেয়ের জামাতা ডা. বিজয় কুমার পাল অজ্ঞাত আসামিদের নামে একই থানায় অপর একটি মামলা দায়ের করেন।

চার্চিলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সকালে নারায়ণগঞ্জে ৭ খুনের দুটি মামলায় প্রধান আসামি নূর হোসেনের দেহরক্ষী মোর্তুজা জামান চার্চিল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

আদালত পুলিশের এসআই আশরাফ জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে ৫ দিনের রিমান্ডের দ্বিতীয় দিনে হাজির করা হলে নজরুল ইসলাম ও চন্দন সরকার হত্যা মামলায় পৃথকভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।  

জবানবন্দিতে তিনি সাত খুনের বিষযে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন বলে জানান এসআই আশরাফ।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালত মোর্তুজা জামান চার্চিলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে গত শুক্রবার ভোরে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাটি লক্ষ্মীপুর থেকে নূর হোসেনের দেহরক্ষী মোর্তুজা জামান চার্চিলকে গ্রেপ্তার করে।