রাসায়নিকযুক্ত আম জব্দ করায় হামলা
রাসায়নিক মেশানো আম জব্দ ও জরিমানা করার পর রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়েছে আম ব্যবসায়ীরা।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় এ হামলা চালানোর পর তারা জব্দ করা ১০/১২ মণ আম ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় পুলিশের সঙ্গে আম ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলাকালে অপপরিক্ক ফজলি আমে রাসায়নিক মিশিয়ে বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রায় ২০ মণ আম ধংস করার জন্য জব্দ করা হয়।
তিনি বলেন, আমগুলো ধংস করার সময় ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে ব্যবসায়ীরা জব্দকৃত ১০/১২ মন আম ছিনিয়ে নিয়ে যায়। তবে তার আগে ৮/১০ মন আম ধংস করা হয়।
সহকারী পুলিশ সুপার রাশেদুল হক আরো জানান, এর আগে পুঠিয়ার বিড়ালদহ এলাকায় দুই ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা ও ৮০ মন আম ধংস করা হয়।
স্থানীয় আম ব্যবসায়ী গোলাম মোস্তফার বলেন, শুক্রবার ঝরে পড়া ফজলি আমগুলো তিনি কিনেছিলেন। ওই আমে কোনো রাসায়নিক মেশানো ছিল না।
