২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার সন্তান বুকে ফিরেছে’

সাড়ে তিন বছর পর সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত চট্টগ্রামের দুই নাবিক নিজ ঘরে ফিরেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 08:49 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন দেশে ফেরা দুই নাবিক জাকির হোসেন ও আমিনুল ইসলাম রাজীব।

বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পরিবার ও স্বজনরা।

আনন্দাশ্রু আর আলিঙ্গনে স্বজনরা বরণ করে নেন জলদস্যুদের হাত থেকে মুক্ত দুই নাবিককে।

এরপর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মেরিন একাডেমি এলাকার বাসায় ‍যান তারা। সেখানে এক নজর তাদের দেখতে পাড়া-প্রতিবেশিরা ভিড় করেন ।

রাজীবের বাবা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ কি বলে বোঝাব। আমরা অনেক খুশি। আল্লাহ অনেক মেহেরবান।

“বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস, জাতিসংঘ সবাই সহযোগিতা করেছে। সবাইকে ধন্যবাদ। সবার সহযোগিতা না পেলে হয়তো আমার ছেলেকে ফিরে পেতাম না।”

জাকির হোসেনের ভাই ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার আম্মা শুধু ভাইকে জড়িয়ে কান্না করছে। আমাদের পরিবারে, আমাদের জীবনে এটা অনেক বড় পাওয়া।”

আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে ভারত মহাসাগরে ২০১০ সালের নভেম্বর মাসে সোমালি জলদস্যুদের কবলে পড়ে মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলভেদো।

ওই জাহাজে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইরানের মোট ২৬ জন নাবিক ছিলেন। চট্টগ্রামের ম্যানিং এজেন্ট এভারশিয়ার মেরিন সার্ভিসেস কোম্পানির মাধ্যমে ২০১০ সালের জুলাই মাসে ওই জাহাজে যোগ দেন সাত বাংলাদেশি।

২০১২ সালের অগাস্ট এবং অক্টোবরে দুই দফায় চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে জিম্মি নাবিকদের স্বজনরা জানান, মুক্তিপণের জন্য নাবিকদের ওপর নির্যাতন চালাচ্ছে জলদস্যুরা।

জিম্মি নাবিকদের উদ্ধারে তাদের স্বজনদের দাবির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা শুরু হয় এবং এ লক্ষ্যে মেরিটাইম পাইরেসি অ্যান্ড হিউমেনিটেরিয়ার রেসপন্স প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ রাখা হয়,আলোচনা হয় মালয়েশিয়া সরকারের সঙ্গেও।

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে সাধারণত মুক্তিপণ দিয়েই নাবিকদের উদ্ধার করতে হয়। তবে নীতিগতভাবে কোনো দেশের সরকারই জলদস্যুদের মুক্তিপণ দিতে পারে না।

তাই স্বদেশী এই নাবিকদের উদ্ধারে এমপিএইচআরপি’র দ্বারস্থ হয় বাংলাদেশ সরকার। সংস্থার কর্মকর্তারা বাংলাদেশে এসে চট্টগ্রামে গিয়ে জিম্মি নাবিকদের উদ্বেগাকূল পরিবারের সঙ্গে কথাও বলেন।

মুক্তি পাওয়া অন্য পাঁচ বাংলাদেশি নাবিক হলেন- সাতক্ষীরার গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, আবুল কাশেম, নুরুল হক ও চাঁদপুরের লিমন সরকার।

গত ৭ জুন জলদস্যুর কাছ থেকে মুক্তি পেয়ে পাওয়ার পর থেকে এই সাত নাবিক কেনিয়ার রাজধানী নাইরোবিতে ছিলেন। ১২ জুন তারা দেশে ফেরেন।