দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে ভাগ্নে খুন
রাজশাহীর দুর্গাপুরে মামার সঙ্গে জমি নিয়ে বিরোধে খুন হয়েছেন ভাগ্নে। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার কিসমত বগুড়া গ্রামে এ ঘটনায় মারা যান ওই গ্রামের আব্দুল মান্নান (৪৫)।
এ ঘটনায় আহত মান্নানের স্ত্রী কল্পনা খাতুন (৪০) ও তাদের মেয়ে জামাতা দেলোয়ার হোসেনকে (২৮) দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক করা হয়েছে মামা আব্দুস সাত্তার ও মামী রেজিয়া বেগমকে।
ওসি সাইফুল আরো জানান, মান্নানের সঙ্গে মামা সাত্তারের জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে মামলাও করে উভয় পক্ষ। সমনজারি করে উভয় পক্ষকে আগামী ২৬ জুন হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ওসি বলেন, সকাল ৭ টার দিকে নিজের ভোগ দখলে থাকা ওই জমিতে পেঁপে বাগানের পরিচর্যা করছিলেন মান্না। এ সময় সাত্তার, তার স্ত্রী রেজিয়া ও মেয়ে শাহিনুর খাতুন ও শাহিনুরের স্বামী আজিজুল হক মান্নানকে ঘিরে ফেলে। মান্নান দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শাহিনুর তাকে হাসুয়া দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্নানের চিৎকারে তাকে উদ্ধার করতে এসে আহত হন কল্পনা ও দেলোয়ার।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
