২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর তুরাগ থেকে একজনের লাশ উদ্ধার

রাজধানীর তুরাগ থানার ধওর ব্রিজ এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে, যাকে ছিনতাইকারীরা হত্যা করেছে বলে মনে করছে পুলিশ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

অবশ্য পরিবারের সদস্যরা মনে করছেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

শুক্রবার ভোররাতে তুরাগের ধওরের দুর্বৃত্তদের হাতে নিহত ওই ব্যক্তির নাম সৈয়দ মো. আবুল হাসেম (৪৫)। তিনি তুরাগ থানার চন্দনভোগ এলাকার বাসিন্দা।

তুরাগ থানার এসআই জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবুল হাসেম বৃহস্পতিবার সাভার গিয়েছিলেন। রাতে ম্যাক্সিতে করে বাড়ি ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার সব লুট করে তাকে শ্বাসরোধ করে হত্যার পর গাড়ি থেকে ফেলে দেয়।”

এসআই জহিরুল জানান, এসময় ছিনতাইকারীরা সাভারের একটি স্টিল ফ্যাক্টরিতে কর্মরত সিদ্দিক (৪৩) নামের এক শ্রমিককেও হাত পা আর মুখ বেঁধে ধওর ব্রিজের কাছে ফেলে যায়।

তার গোঙানির শব্দ শুনে স্থানীয়রা রাতেই তাকে মুক্ত করে পুলিশের কাছে নিয়ে আসে। সিদ্দিক ছিনতাইয়ের ঘটনা বলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসেমের লাশ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা জহিরুল বলেন, “ধওর ব্রিজের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।”

হাসেমের স্ত্রী শারমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, “আমার স্বামী জমির দলিল লেখার কাজে যুক্ত ছিল। জমির ব্যবসাও করতো। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে।”

তুরাগ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “কীভাবে আবুল সাহেবকে হত্যা করা হয়েছে, সে বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”