২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়াগামী ট্রলারে হামলা: আটক আরো ৮

টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে হামলা ও নিহতের ঘটনায় আট দালালকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 06:38 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ নিয়ে ১০ বাংলাদেশি দালালকে আটক করা হলো। এর আগে দুজনকে আটক করা হয়েছিল।  

এছাড়া ঘটনার সময় ট্রলার থেকে তিন বিদেশিকেও আটক করা হয়।

এদিকে সংঘর্ষে নিহত পাঁচ জনের মধ্যে চার জনের মৃতদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি অংসা থোয়াই জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া মানবপাচারে জড়িত তিন জনকে আটক করা হয়।

উখিয়া উপজেলার মরিচ্যা এবং সোনারপাড়া বাজার থেকে এসব দালালদের আটক করা হয়।

আটকরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের প্রয়াত জাফর আলমের ছেলে মাহবুবুল আলম (চকিদার), সোনারপাড়া এলাকার প্রয়াত আলী হোছনের ছেলে শামশুল আলম ও মরিচ্যা এলাকার আলী চাঁনের ছেলে জালাল উদ্দিন।

টেকনাফ থানার ওসি মোকতার হোসেন জানিয়েছেন, উদ্ধার মালয়েশিয়াগামীদের দেয়া তথ্যের ভিত্তিতে এদের আটক করা হয়।

তিনি এ পাঁচ জনের নাম জানাতে পারেননি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানিয়েছেন, শুক্রবার বেলা ১২টা পর্যন্ত চার জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

যশোরের ২ জন, বগুড়ার একজন এবং সিরাজগঞ্জ জেলার একজনের মৃতদেহ স্বজনদের কাছে বুজিয়ে দেয়া হয়েছে।

অপরজনের পরিচয় শনাক্ত করা না যাওয়ায় তাকে দাফনের ব্যবস্থা করা হবে।

টেকনাফ থানার ওসি মোকতার হোসেন আরো জানান, এ ঘটনায় মানবপাচার, হত্যা এবং অবৈধ অনুপ্রেবশের দায়ে টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

মানবপাচার মামলায় ৮৯ জন, হত্যা মামলায় আটক ৩ বিদেশি এবং ২০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে, অনুপ্রেবশ মামলায় ৩ বিদেশিকে আসামি করা হয়েছে।

আটক ১০ দালালকে টেকনাফ থানায় দায়ের করা মানবপাচার মামলার আসামি হিসাবে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আবেদন করা হবে বলে টেকনাফ থানার ওসি জানান।

ট্রলারে থাকা বাংলাদেশিদের কাছ থেকে স্বজনদের কাছে আসা টেলিফোনে খবর আসার পর বুধবার সকালে সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে যায় কোস্ট গার্ড ।

বিকালে ওই ট্রলার থেকে পাঁচটি লাশ এবং জীবিতদের উদ্ধার করে সেন্ট মার্টিনে নিয়ে আসা হয়। উদ্ধার যাত্রীদের মধ্যে ৪০ জন গুলিবিদ্ধ রয়েছেন।