২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি নিয়ে সওজ-এ ‘জালিয়াতি’

২৫/৩০ বছর ধরে সড়ক ও জনপথ অধিদপ্তরে অস্থায়ী ভিত্তিতে কর্মরত (ওয়ার্কচার্জড) কর্মচারীদের স্থায়ী করা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 05:25 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

এমন ১২০ জন কর্মচারীকে বাদ দিযে ‘ভুয়া নাম’ তালিকায় ঢোকানো হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

গোপালগঞ্জ জেলা সওজ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি এস এম মশিউর রহমান জানান, তিনিসহ গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারী তমিজ উদ্দিন তালুকদার, গোলাম কিবরিয়া ও মো. রমজান আলীর নাম চাকরী নিয়মিত করার তালিকা থেকে বাদ পড়েছে।

চিঠির স্মরক নম্বর উল্লেখ করে তিনি দাবি করেন, “গোপালগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলীর পাঠানো বেশ কয়েক বার আমাদের নামের তালিকা পাঠান।”

তিনি বলেন, “আমাদের চারজনের পার্সোনাল ডাটাবেস আইডি নম্বর ০৫৫৫৭৭, ০৫৬১৪৮, ০৫৫৫৮০ ও ০৫৫৫৭৯। আমাদের সার্ভিস সংক্রান্ত যাবতীয় তথ্য প্রধান প্রকৌশলীর দপ্তরে সংরক্ষিত আছে।

“তারপরও সিবিএ নেতারা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ১২০ ভুয়া নাম তালিকায় অর্ন্তভুক্ত করেছে।”

এ ব্যাপারে প্রতিকার চেয়ে আবেদন করলেও প্রধান প্রকৌশলী তা আমলে নিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আমরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছি। চাকরি না থাকলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে।

“আমি আমাদের নাম তালিকাভুক্ত করার জন্য দাবি জানাচ্ছি।”

গোপালগঞ্জ সওজের বাদপড়া ওয়ার্কচার্জড কর্মচারী তমিজ উদ্দিন তালুকদার বলেন, “কেন্দ্রীয় সিবিএ নেতারা মোটা অংকের টাকার বিনিময়ে প্রকৃত কর্মচারীদের বাদ দিয়ে ভুয়া নাম ঢুকিয়েছে।

তিনি জানান, সওজের প্রতিটি সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলীর পাঠানো ওয়ার্কচার্জড করার আদেশ যাচাই করলেই প্রকৃত ও ভুয়া কর্মচারীদের নাম বেরিয়ে পড়বে।

চাকরি স্থায়ী করার তালিকা থেকে গোপালগঞ্জের ৪ ওয়ার্কচার্জড কর্মচারীর নাম  বাদ পড়ার কথা জানান গোপালগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায়।

২৫/৩০ বছর ধরে গোপালগঞ্জে কাজ করছে এমন এরা কর্মচারীদের নাম পড়ায় তিনি বলেন, “এদের নাম বাদ পড়ায় আমি অবাক হয়েছি।

“তাদের মতো সারাদেশে শতাধিক কর্মচারী বাদ পড়েছে বলে শুনেছি।”

তার ধারণা প্রধান প্রকৌশলীর কার্যালয়ে একটি মহল কারসাজি করে প্রকৃত কর্মচারীদের নাম বাদি দিয়েছে।

তিনি জানান, প্রকৃত কর্মচারীদের নাম তালিকা ঢোকানোর জন্য প্রধান প্রকৌশলীর কার্যালয়ে সুপারিশ পাঠিয়েছেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সারাদেশে ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারী চাকরি নিয়মিত করার দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ ওই কর্মচারীদের তালিকা চায়। তালিকায় ১২০টি নাম বেশি থাকায় মন্ত্রণালয় তালিকা সংশোধন করেতে বলে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি চক্র জাল জালিয়াতির মাধ্যমে প্রকৃত ১২০ কর্মচারীকে বাদ দিয়ে নতুন ১২০টি নাম ঢুকিয়ে তালিকা করে। বিষয়টি গত মাসে কর্মচারীরা জানতে পেরে প্রধান প্রকৌশলী কাছে আবেদন করেন।

এদিকে, মোটা অংকের টাকা নিয়ে ভুয়া কর্মীদের নাম তালিকায় অর্ন্তভুক্ত করার কথা অস্বীকার করেন সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোন্দকার কামাল উদ্দিন।

তার দাবি কাগজপত্রে ত্রুটি থাকায় ওইসব কর্মচারীর নাম তালিকা থেকে বাদ পড়েছে।

তিনি বলেন, “সেখানে কিছু লোকের নাম ঢুকেছে বলে শুনেছি।”

বাদপড়া কর্মচারীরা অভিযোগ করেছেন বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধাণ প্রকৌশলী মো. মফিজুল ইসলাম রাজ খান।

তিনি বলেন, “তালিকা যাচাই বাছাই করে প্রকৃত কর্মচারীদের নাম তালিকায় আর্ন্তভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

“যাচাই বাছাইয়ে ভুয়াদের নাম বাদ দিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।”

তবে ভুক্তভোগীদের আশঙ্কা এ অবস্থায় চাকরি নিয়মিত করা হলে প্রকৃত ১২০ জন কর্মচারী বাদ পড়ে যাবেন। এতে ২৫/৩০ বছর চাকরি করার পরও এসব কর্মচারী পরিবার নিয়ে পথে বসবেন।